ওয়েব ডেস্ক : রবিবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা পূর্ব দিল্লির (Delhi) বিশ্বাস নগরে। চারতলা একটি বাড়িতে আগুন লেগে মৃত্যু হয়েছে চারজনের। আহত হয়েছেন আরও দু’জন। ভোররাতে যখন বাড়ির বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন, সেই সময়ই আগুন (Fire) ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগার আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিশ্বাস নগরের ১১ নম্বর গলিতে অবস্থিত বাড়িটি স্থানীয় এক বাসিন্দার। মহেন্দর নামে এক ব্যক্তিকে বাড়িটি ভাড়া দেওয়া হয়েছিল। বাড়ির একতলায় ই-রিকশা রাখা এবং চার্জ দেওয়ার ব্যবস্থা ছিল। চালকেরাও ওই জায়গাতেই রাতে ঘুমোতেন। ভোর সাড়ে ৪টে নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে।
আরও খবর : আসন পুনর্বিন্যাস বিলের বিরোধিতায় বিরোধী ঐক্য ফেরানোর উদ্যোগ, চেন্নাই-মুম্বই সফরে রাহুলরা
ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। তাঁদের পরিচয় এখনও জানা যায়নি। এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। অন্য এক আহত ব্যক্তি, ৫০ বছরের রামবীর, তখনও সচেতন ছিলেন। দু’জনকেই প্রথমে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
শাহদরা পুলিশের ডেপুটি কমিশনার আর পি মীনা জানিয়েছেন, ই-রিকশা চার্জ দেওয়ার জন্য বাড়িতে বসানো বৈদ্যুতিক ডিস্ট্রিবিউশন বোর্ডে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে একতলার বিস্তীর্ণ অংশে। সেখানে রাখা চারটি ই-রিকশা সম্পূর্ণ পুড়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন, চারটি অ্যাম্বুল্যান্স এবং বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। পুলিশ আধিকারিকরাও ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ ও পরিস্থিতি খতিয়ে দেখেন।







