ওয়েব ডেস্ক : দেশের স্বার্থের চেয়ে রাজনৈতিক দলের স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে বিরোধীরা। আর তার প্রভাব পড়ছে নারীশক্তির ক্ষমতায়নের উপর। সংসদের বিশেষ অধিবেশনে আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল নিয়ে বিতর্কের আবহে বিরোধীদের নিশানা করে এমনই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, কিছু রাজনৈতিক দলের কাছে দলীয় স্বার্থই সবকিছুর ঊর্ধ্বে। দেশের স্বার্থ এবং মহিলাদের রাজনৈতিক অংশগ্রহণের প্রশ্নেও তার প্রভাব পড়ছে।
ভিডিও বার্তায় মোদি জানান, দেশের মহিলাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার লড়াই দীর্ঘদিনের। এই উদ্যোগ বাস্তবায়নের জন্য তিনিও বহু বছর ধরে চেষ্টা চালিয়েছেন বলে দাবি করেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, বিজেপি এবং এনডিএ নারী ক্ষমতায়নের প্রতিশ্রুতি থেকে সরে আসেনি। ‘নারীশক্তি বন্দন’ সংশোধনীকে সময়ের দাবি বলেও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রীর কথায়, দেশের অর্ধেক জনসংখ্যার স্বপ্ন এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে এই অঙ্গীকার পূরণ করা প্রয়োজন।
আরও খবর : রাহুলের আর্জি খারিজ স্ট্যালিনের, আসন পুনর্বিন্যাস নিয়ে অবস্থানে অনড় ডিএমকে
আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণকে ঘিরে কেন্দ্র ও বিরোধীদের মধ্যে রাজনৈতিক সংঘাত ক্রমশ বাড়ছে। কেন্দ্রের প্রস্তাবিত সংশোধনীতে লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের ব্যবস্থা কার্যকর করার কথা বলা হয়েছে। পাশাপাশি আসন পুনর্বিন্যাসের মাধ্যমে লোকসভার সর্বোচ্চ সদস্যসংখ্যা ৮৫০ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে। বিরোধীদের একাংশের আশঙ্কা, এই প্রক্রিয়ার ফলে রাজ্যগুলির মধ্যে রাজনৈতিক প্রতিনিধিত্বের ভারসাম্য বদলে যেতে পারে। বিশেষ করে দক্ষিণের রাজ্যগুলির প্রতিনিধিত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা। সেই কারণেই মহিলা সংরক্ষণ এবং আসন পুনর্বিন্যাসকে একই সংশোধনীতে যুক্ত করার বিরোধিতা করছে বিরোধী শিবির।
এদিকে বিশেষ অধিবেশনের আগে বিরোধী জোটের মধ্যে বিলের বিরোধিতা নিয়ে আলোচনা চলছে। কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের নেতারা ডিএমকে সভাপতি এম কে স্ট্যালিনের সঙ্গে কথা বলে বিলের বিরুদ্ধে সমর্থন আদায়ের চেষ্টা করছেন। তবে স্ট্যালিন জানিয়েছেন, তামিলনাড়ু ও রাজ্যের মানুষের স্বার্থের প্রশ্নে তাঁর দল কোনও আপস করবে না। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও প্রস্তাবিত আসন বৃদ্ধির বিরোধিতা করে দাবি করেছেন, লোকসভার সদস্যসংখ্যা ৮৫০ হলে দেশের নির্বাচনী মানচিত্র নতুন করে সাজানোর সুযোগ তৈরি হতে পারে। এই রাজনৈতিক টানাপড়েনের মধ্যেই নারী সংরক্ষণকে সামনে রেখে বিরোধীদের বিরুদ্ধে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী।







