ওয়েব ডেস্ক : শাহরুখ খানের আগামী ছবি ‘কিং’ (King)-এর প্রথম গান প্রকাশ্যে আসতেই নতুন করে আলোচনায় দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone ) পোশাক। ‘তু মিল যায়ে’ গানে গেরুয়া রঙের পোশাকে দেখা গিয়েছে অভিনেত্রীকে। গানটি প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁর পোশাকের রং নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেরই মনে পড়ে গিয়েছে ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘পাঠান’ ছবির ‘বেশরম রং’ গান এবং সেই সময়ের বিতর্ক। ফলে ‘কিং’-এর নতুন গান ঘিরে দর্শকদের একাংশের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।
শাহরুখ খানের ৬১তম জন্মদিন উপলক্ষে মধ্যরাতে প্রকাশ করা হয় ‘তু মিল যায়ে’। গানটিতে দীপিকার গেরুয়া পোশাকের ছবি ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় নানা প্রতিক্রিয়া আসতে শুরু করে। কেউ বিষয়টিকে মজার ছলে দেখেছেন, আবার কেউ প্রশ্ন তুলেছেন, পুরনো বিতর্কের কথা মাথায় রেখেই কি এই রং বেছে নেওয়া হয়েছে? সোশ্যাল মিডিয়ায় কয়েকটি পোস্টে এমনও ইঙ্গিত করা হয়েছে, ‘পাঠান’-এর পরিচালক সিদ্ধার্থ আনন্দ এবার যেন আগের বিতর্ককেই নতুনভাবে সামনে আনলেন। যদিও পোশাকের রং নিয়ে নির্মাতাদের তরফে কোনও বিশেষ ব্যাখ্যা দেওয়া হয়নি।
আরও খবর : প্রয়াত অভিনেতা অনুজ ঠাকুর
উল্লেখ্য, ‘পাঠান’-এর ‘বেশরম রং’ গান প্রকাশের পর দীপিকার গেরুয়া বিকিনি ঘিরে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছিল। কয়েকটি ধর্মীয় সংগঠনের আপত্তি ছিল গেরুয়া রং ব্যবহারের ধরন নিয়ে। তাঁদের অভিযোগ, হিন্দু ধর্মে পবিত্র বলে বিবেচিত এই রংকে গানের দৃশ্যে অসম্মান করা হয়েছে। তৎকালীন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রও দীপিকার পোশাক নিয়ে আপত্তি জানিয়েছিলেন এবং গানটির দৃশ্য পরিবর্তনের দাবি তুলেছিলেন। বিশ্ব হিন্দু পরিষদ-সহ একাধিক সংগঠনও প্রতিবাদে সরব হয়েছিল। পরে পরিচালক সিদ্ধার্থ আনন্দ জানিয়েছিলেন, গানের উজ্জ্বল আবহের সঙ্গে মানানসই বলেই ওই রং বেছে নেওয়া হয়েছিল। এর পিছনে কোনও অসম্মানজনক উদ্দেশ্য ছিল না। ছবির কিছু দৃশ্যে পরিবর্তনের পরামর্শও দিয়েছিল সেন্সর বোর্ড।
অন্যদিকে, ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল যায়ে’ গেয়েছেন অরিজিৎ সিং এবং এড শিরান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে শাহরুখের পাশাপাশি রয়েছেন দীপিকা পাড়ুকোন, সুহানা খান, রানি মুখোপাধ্যায়, অভিষেক বচ্চন, অনিল কাপুর, অর্জুন ওয়ারসি, জ্যাকি শ্রফ, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল, সৌরভ শুক্লা, অভয় ভার্মা এবং করিনা কাপুর খান-সহ একাধিক তারকা। ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন শাহরুখ-কন্যা সুহানা। আগামী ২৪ ডিসেম্বর বড়দিনের আবহে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘কিং’-এর।







