ওয়েব ডেস্ক: রাজারমৃত্যু হলেই কি পরকালে তাঁর সেবা করার জন্য বলি দেওয়া হত শত শত অনুচরকে? প্রাচীন মিশরের রাজতন্ত্রের গোড়ার দিকের সমাধি ঘিরে নতুন গবেষণায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর সম্ভাবনা। আবিদোসের উম এল-কাব এলাকায় প্রথম রাজবংশের রাজাদের সমাধির আশপাশে পাওয়া মানুষের দেহাবশেষ পরীক্ষা করে গবেষকেরা মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পেয়েছেন। তাতেই নরবলির তত্ত্ব নতুন করে আলোচনায় এসেছে।
আনুমানিক খ্রিস্টপূর্ব ৩০৭৮ থেকে ২৯০০ অব্দের মধ্যে মিশরের প্রথম রাজবংশের রাজারা শাসন করতেন বলে গবেষণায় উল্লেখ রয়েছে। ১৯২০-র দশকে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ ফ্লিন্ডার্স পেট্রি আবিদোসে খননকার্য চালিয়ে রাজাদের সমাধির চারপাশে বহু মানুষের দেহাবশেষ খুঁজে পান। তবে তাঁদের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত প্রমাণ তখন মেলেনি।
সম্প্রতি আমেরিকার পারডিউ বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক রোজ়েলিন ক্যাম্পবেল আধুনিক ফরেন্সিক পদ্ধতি ব্যবহার করে পেট্রির সংগ্রহ করা ৪৬টি মাথার খুলি বিশ্লেষণ করেন। তাঁর গবেষণায় অন্তত ১৮টি খুলিতে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। কোথাও চওড়া বস্তুর আঘাতে তৈরি ফাটল, কোথাও আবার ধারালো অস্ত্রের কোপের দাগ রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘ফ্রন্টিয়ার্স ইন এনভায়রনমেন্টাল আর্কিয়োলজি’ পত্রিকায়।
গবেষকদের মতে, এই আঘাতগুলি ইচ্ছাকৃত হত্যার সম্ভাবনা উড়িয়ে দিতে দিচ্ছে না। তবে সব দেহাবশেষই যে বলির শিকার, তা নিশ্চিত করে বলা যায়নি। কেউ স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছিলেন, আবার কাউকে বাধ্য করা হয়ে থাকতে পারে বলেও সম্ভাবনা জানিয়েছেন ক্যাম্পবেল।
সমাধির পাশে পাওয়া ব্যক্তিদের সামাজিক পরিচয় বিশ্লেষণ করে তাঁদের অনেককে নিম্ন বা মধ্যস্তরের কর্মকর্তা বলে অনুমান করা হয়েছে। তাঁদের সাধারণ কবরের পাশে মাটির পাত্র, তামার সরঞ্জাম ও হাতির দাঁতের ছোট মূর্তিও পাওয়া গিয়েছে।
প্রাচীন মিশরীয়দের পরকাল-সংক্রান্ত বিশ্বাসের সঙ্গে এই সমাধি প্রথার যোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে গবেষণাটি এখনও সীমিত সংখ্যক খুলির উপর নির্ভরশীল। আরও দেহাবশেষ পরীক্ষা করলেই নরবলির তত্ত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।







