ওয়েব ডেস্ক : কলকাতার একটি বেসরকারি স্কুলে (School) চাঞ্চল্যকর ঘটনা। মঙ্গলবার ক্লাসের মাঝখানে শৌচালয়ে গিয়েছিল তৃতীয় শ্রেণির এক ছাত্রী (Student)। অভিযোগ, সেই সময়ই তার পায়ে সাপের (Snake) কামড়ে দেয়। পরে পায়ে দুটি ছোট ক্ষতচিহ্ন দেখতে পান পরিবারের সদস্যরা। খবর ছড়িয়ে পড়তেই স্কুলের অন্যান্য পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
ঘটনার পর জানা যায়, শৌচালয়ে যাওয়ার সময় ছাত্রীর গলায় থাকা পরিচয়পত্রটি মাটিতে পড়ে যায়। সেটি তুলতে গিয়ে পায়ে হঠাৎ সূচ ফোটার মতো অনুভূতি হয়। পরে একটি ছোট সাপের মতো প্রাণী দেখেছিল বলে দাবি করে সে। তবে প্রথমে বিষয়টি নিয়ে শিক্ষিকা বা বাড়ির কাউকেই কিছু জানায়নি। এমনকি বাড়ি ফেরার পরও বিষয়টি গোপন রাখে সে।
আরও খবর : ব্যাঙ্কের নোটিস দেখে মনে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে বেশি আগ্রহী : বিচারপতি কৃষ্ণা রাও
পরবর্তীতে এক পড়ুয়ার বাবার কাছ থেকে খবর পেয়ে পরিবারের সদস্যরা মেয়েকে জিজ্ঞাসা করেন। পায়ে ক্ষতচিহ্ন দেখতে পেয়ে তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, যে সাপটি কামড়েছে সেটি নির্বিষ। স্কুলের অধ্যক্ষও হাসপাতালে গিয়ে ছাত্রীর সঙ্গে দেখা করেন। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে সে বিপন্মুক্ত এবং দ্রুত তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা।
ঘটনার পর স্কুল চত্বরের নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। স্কুলের ভিতরে অনেক গাছপালা থাকলেও নিয়মিত পরিচর্যা করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কোথাও ঝোপঝাড় নেই বলেও দাবি করা হয়েছে। স্কুল ভবন থেকে কিছুটা দূরে রয়েছে একটি নার্সারি। তবুও শৌচালয়ের মতো জায়গায় সাপ কীভাবে পৌঁছল, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বুধবার স্কুল বন্ধ রেখে পুরো চত্বর পরিষ্কার করার কাজ চালানো হয়েছে। ছাত্রীর পরিবার এখনও স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনও অভিযোগ করেননি।







