কলকাতা: নিউটাউনের সেক্টর ফাইভে (Newtown Sector V) অফিস ছুটির ব্যস্ত সময়ে প্রকাশ্য রাস্তায় এক তথ্যপ্রযুক্তি (আইটি) কর্মীকে মারধর করে অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের তৎপরতায় কয়েক ঘণ্টার মধ্যেই অপহৃত যুবককে উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ অফিস থেকে বেরিয়ে নিজের গাড়িতে উঠতে যাচ্ছিলেন আইটি কর্মী অঙ্কন সাহা। সেই সময় আচমকাই কয়েক জন যুবক তাঁর উপর চড়াও হয়। তাঁকে মারধর করার পর টেনেহিঁচড়ে একটি সাদা রঙের স্করপিও গাড়িতে তুলে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্তরা। ঘটনাটি প্রকাশ্য রাস্তায় ঘটায় উপস্থিত পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। তাঁদেরই একজন দ্রুত থানায় খবর দেন।
আরও পড়ুন: সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি কলকাতায়, দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বর্ষণের সতর্কতা
খবর পেয়েই তদন্তে নামে ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অপহরণে ব্যবহৃত গাড়ির নম্বর শনাক্ত করা হয়। তদন্তে গাড়ির মালিক ও চালকের খোঁজ মেলার পর মোবাইল ফোন ট্র্যাক করে জানা যায়, গাড়িটি ১২ নম্বর জাতীয় সড়ক ধরে বড়জাগুলিয়ার দিকে যাচ্ছে।
এরপর হরিণঘাটা থানার পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে বড়জাগুলিয়া এলাকা থেকে গাড়িটি আটক করা হয়। সেখান থেকেই উদ্ধার করা হয় অপহৃত অঙ্কন সাহাকে। একই সঙ্গে গাড়িতে থাকা পাঁচ জন-সহ মোট ছয় জনকে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অঙ্কন সাহার কাছ থেকে প্রায় ৭৮ লক্ষ টাকা পাওনা ছিল এক ব্যক্তির। সেই টাকা আদায়ের উদ্দেশ্যেই তাঁকে অপহরণ করা হয়েছিল বলে মনে করা হচ্ছে। তবে এর নেপথ্যে অন্য কোনও ষড়যন্ত্র বা ব্যক্তিগত বিরোধ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।







