HomeBig newsআইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে মমতা
Mamata Banerjee

আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে মমতা

ভোট পরবর্তী হিংসার মামলায় সওয়াল করবেন তৃণমূলনেত্রী

কলকাতা: আইনজীবীর কালো কোট, সাদা ব্যান্ড পরে কলকাতা হাইকোর্টে হাজির প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ হাইকোর্টের (Calcutta High Court) মূল দরজা দিয়ে আদালতে প্রবেশ করেন তিনি। ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলায় প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে সওয়াল করতে এসেছেন তৃণমূলনেত্রী (TMC)।

যে মামলাকে ঘিরে এই চর্চা, তা দায়ের করেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে তথা উত্তরপাড়া কেন্দ্রের প্রাক্তন প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। মামলায় অভিযোগ করা হয়েছে, রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে, বহু কর্মী-সমর্থক ঘরছাড়া এবং আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালতের হস্তক্ষেপ চেয়েছে তৃণমূল।

আরও পড়ুন: জোড়া প্রভাবে ভিজবে বাংলা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

এই মামলায় দলের বক্তব্যই আদালতে তুলে ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আদালতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই শুনানি শুরু হওয়ার কথা।

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের আইন নিয়ে পড়াশোনা রয়েছে এবং একসময় তিনি আইন পেশার সঙ্গেও যুক্ত ছিলেন। এখনও তাঁর আইনজীবী হিসেবে লাইসেন্স রয়েছে। যদিও চলতি বছরের শুরুতে সুপ্রিম কোর্টে একটি মামলায় তিনি সওয়াল করেছিলেন সাধারণ পোশাকে। তবে এবার সম্পূর্ণ আইনজীবীর পোশাকেই আদালতে হাজির হলেন তিনি।

সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস। ভবানীপুর কেন্দ্রেও শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন মমতা। বর্তমানে তিনি বিধায়ক নন, শুধুমাত্র তৃণমূল নেত্রী হিসেবেই রাজনৈতিক লড়াই চালাচ্ছেন। সেই আবহেই ভোট পরবর্তী অশান্তির অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে তৃণমূল।

কালীঘাটের বাড়ি থেকে এদিন পুরো আইনজীবীর পোশাক পরেই বের হন মমতা। হাইকোর্টে পৌঁছে তাঁকে ঘিরে কৌতূহলী ভিড় জমে যায়। তবে কোনও মন্তব্য না করেই দ্রুত আদালতের ভিতরে ঢুকে যান তিনি। রাজনৈতিক মহলের নজর এখন আদালতে মমতার সওয়ালের দিকেই।

[youtube-feed feed=1]
Read More

Latest News