HomeScrollনির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কতটা এগোল সরকার? রিয়েল টাইম ট্র্যাকার চালু করল বঙ্গ...
BJP

নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কতটা এগোল সরকার? রিয়েল টাইম ট্র্যাকার চালু করল বঙ্গ বিজেপি

রাজ্যবাসীকে দেওয়া প্রতিশ্রুতির কতটা পূরণ হল? এবার নজর দেবে বিজেপি...

কলকাতা: রাজ্যে পালাবদলের পর একের পর এক নতুন পদক্ষেপ নিচ্ছে বিজেপি (BJP) সরকার। আর এবার নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণের অগ্রগতি দেখাতে চালু হল বিশেষ ‘রিয়েল টাইম প্রমিস ট্র্যাকার’ (Real Time Promise Tracker)। ভোটের আগে বিজেপি যে সব প্রতিশ্রুতি দিয়েছিল, তার কতটা পূরণ হয়েছে এবং কতটা কাজ চলছে, এবার তা সরাসরি দেখতে পাবেন সাধারণ মানুষ।

বঙ্গ বিজেপি সূত্রের খবর, রাজ্যবাসীর কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে সরকার যে বদ্ধপরিকর, সেই বার্তা দিতেই এই উদ্যোগ। নির্বাচনের আগে বিজেপির সংকল্পপত্রে সমাজকল্যাণ, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, দুর্নীতি দমন, তোলাবাজি রোখা-সহ একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এবার সেই প্রতিশ্রুতিগুলির বাস্তব অগ্রগতি তুলে ধরতেই চালু হয়েছে এই ডিজিটাল ট্র্যাকার।

আরও পড়ুন: দুর্নীতিতে যুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে সিবিআইকে ছাড়পত্র, নিতে হবে না রাজ্যের অনুমতি: শুভেন্দু

https://bjp-govt-wb.pages.dev/ নামের ওই পোর্টালে লগ ইন করলে দেখা যাচ্ছে, ভোটের আগে মোট ১৪০টি প্রতিশ্রুতি দিয়েছিল গেরুয়া শিবির। তার মধ্যে এখনও কোনও প্রতিশ্রুতি সম্পূর্ণ বাস্তবায়িত হয়নি। তবে ইতিমধ্যেই ১১টি প্রতিশ্রুতি পূরণের কাজ শুরু হয়েছে বলে দাবি করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, ৯ মে শপথ নেওয়ার মাত্র পাঁচ দিনের মধ্যেই একাধিক বড় সিদ্ধান্তে হাত দিয়েছে নতুন সরকার।

ট্র্যাকারে আরও দেখানো হচ্ছে, প্রতিশ্রুতি পূরণের জন্য বিজেপি সরকারের হাতে এখনও রয়েছে ৪ বছর ১১ মাস ২৫ দিন সময়। অর্থাৎ গোটা মেয়াদ জুড়ে কোন কাজ কতদূর এগোচ্ছে, তার আপডেটও নিয়মিত দেওয়া হবে।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম মন্ত্রিসভার বৈঠকেই আয়ুষ্মান ভারত চালু, জনগণনা শুরু এবং অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। দ্বিতীয় মন্ত্রিসভায় আলুচাষীদের স্বার্থে পদক্ষেপ এবং দুর্নীতিতে জড়িত আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই পদক্ষেপগুলিকেই বর্তমানে ‘ইন প্রোগ্রেস’ তালিকায় দেখানো হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, প্রতিশ্রুতি পূরণের অগ্রগতি জনতার সামনে স্বচ্ছভাবে তুলে ধরতেই এই অভিনব উদ্যোগ বিজেপির।

[youtube-feed feed=1]
Read More

Latest News