ওয়েব ডেস্ক : অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh) উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় অর্ণব (Cyclone Arnab )। মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হওয়া স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া কয়েক ঘণ্টা ধরে চলার পর এবার তা শেষের দিকে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পুদুচেরির ইয়ানামের কাছে রাত ১টা নাগাদ ঘূর্ণিঝড়টির ল্যান্ডফল শুরু হয়। সেই সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৫০ কিলোমিটার।
সকাল ৯টা নাগাদ অন্ধ্রের উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার বেগে ঝড় বইছিল। কোথাও কোথাও ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে জানানো হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলবর্তী এলাকায় পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠেছে।
আরও খবর : শত্রুর কোমর ভাঙার প্রস্তুতি! সেনার জন্য হেলিকপ্টার-ড্রোন কিনতে ২.১২ লক্ষ কোটি টাকার অনুমোদন
স্বাভাবিক জোয়ারের তুলনায় ১ থেকে ১.৫ মিটার উঁচু জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। এর জেরে অন্ধ্রপ্রদেশের নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে। ভারী বৃষ্টির কারণে অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং দক্ষিণ ওড়িশার কয়েকটি এলাকায় বিদ্যুৎ পরিষেবাও বিচ্ছিন্ন হয়েছে। ইয়ানামের কাছে জাতীয় সড়কে গাছ উপড়ে পড়ার খবর পাওয়া গিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে অন্ধ্রপ্রদেশ প্রশাসন। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রশাসন সতর্ক রয়েছে। ইতিমধ্যেই দু’হাজারেরও বেশি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
অর্ণবের প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গেও। রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। সোমবার রাতের মধ্যেই ট্রলার নিয়ে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল।







