নয়াদিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বাতিলের দাবিতে রবিবার দিল্লির রামলীলা ময়দানে সমাবেশের ডাক দিয়েছে বিরোধী জোট ‘ইন্ডি’। সেই কর্মসূচির দিনেই পাল্টা পথে নামল বিজেপিও। ১৯৮৪ সালের শিখবিরোধী হিংসার প্রসঙ্গ তুলে কংগ্রেসের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে পদ্মশিবির। দুই শিবিরের কর্মসূচিকে ঘিরে রাজধানীতে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।
রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ বিজেপির মিছিল শুরু হওয়ার কথা হরিনগর বাসস্ট্যান্ড থেকে। মিছিল শেষ হওয়ার কথা তিলকনগর মেট্রো স্টেশন চত্বরে। সেখানে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী-সহ একাধিক বিজেপি নেতার উপস্থিত থাকার কথা।
বিজেপির অভিযোগ, ১৯৮৪ সালের শিখবিরোধী হিংসার বর্ষপূর্তির দিনেই ইচ্ছাকৃত ভাবে রামলীলা ময়দানে সমাবেশের আয়োজন করেছে কংগ্রেস। বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ এই কর্মসূচির সময় নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নড্ডাও শিখবিরোধী হিংসার প্রসঙ্গ তুলে কংগ্রেসের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।
অন্য দিকে, ‘ইন্ডি’ জোটের সমাবেশের মূল দাবি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এবং ভোটচুরির অভিযোগকে সামনে রেখে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। সমাবেশে বিরোধী দলের একাধিক শীর্ষ নেতার উপস্থিত থাকার কথা।
সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। সংবাদমাধ্যমের দাবি, রামলীলা ময়দান এলাকায় পুলিশ ও আধাসেনা মিলিয়ে প্রায় ১০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। নজরদারির জন্য বসানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা-যুক্ত ক্যামেরাও।







