কলকাতা: আসন্ন পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনকে (West Bengal Assembly Election) সামনে রেখে কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন (Election Commission)। সাধারণ পর্যবেক্ষক, পুলিশ পর্যবেক্ষক এবং আয়-ব্যয় পর্যবেক্ষক—এই তিন ধরনের আধিকারিকদের মাঠে নামানো হবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে। সংবিধানের ৩২৪ নম্বর ধারা এবং জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫১–এর ২০বি ধারা অনুযায়ী এই নিয়োগ করা হচ্ছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পাঁচ রাজ্যের মোট ৮২৪টি বিধানসভা কেন্দ্রে ভোট প্রক্রিয়া, প্রস্তুতি এবং পরিচালনার উপর কড়া নজর রাখবেন এই কেন্দ্রীয় পর্যবেক্ষকেরা। ভোটার তালিকা হালনাগাদ, ভোটগ্রহণের প্রস্তুতি, বুথের পরিকাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থা—সব ক্ষেত্রেই তাঁদের সক্রিয় ভূমিকা থাকবে।
আরও পড়ুন: গরু পাচার রুখতে অ্যাকশন মোডে পুলিশ, রঘুনাথগঞ্জে গ্রেফতার ২
পর্যবেক্ষকদের জন্য একাধিক নির্দেশিকা জারি করেছে কমিশন। নির্বাচন সংক্রান্ত আইন, নিয়ম এবং গাইডলাইন সম্পর্কে সম্যক ধারণা রাখা বাধ্যতামূলক করা হয়েছে। প্রয়োজনে তাঁরা সরাসরি নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট পাঠাতে পারবেন। কোনও অনিয়ম বা অভিযোগ সামনে এলে দ্রুত ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
রাজনৈতিক দল, প্রার্থী এবং সাধারণ ভোটাররা যাতে সহজে পর্যবেক্ষকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সে ব্যবস্থাও রাখতে বলা হয়েছে। বুথ পরিদর্শন করে পরিকাঠামো ও ব্যবস্থাপনা খতিয়ে দেখার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
দিল্লিতে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালারও আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার সহ কমিশনের ফুল বেঞ্চ। নির্বাচন পরিচালনার বাস্তব কৌশল, অভিযোগ নিষ্পত্তি এবং মাঠপর্যায়ের সিদ্ধান্ত গ্রহণ নিয়ে বিস্তারিত দিকনির্দেশ দেওয়া হয়।
নির্বাচন কমিশনের মতে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতেই এই বিস্তৃত পর্যবেক্ষক ব্যবস্থা চালু করা হচ্ছে। এখন নজর, মাঠপর্যায়ে এই নজরদারি কতটা কার্যকর হয়।







