নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ইনস্টাগ্রাম (Instagram) অ্যাকাউন্ট থেকে ভাইরাল (Viral) একটি ভিডিও আচমকা উধাও হয়ে যাওয়ার ঘটনার পর কেন্দ্রের চাপের মুখে লিখিতভাবে জবাবদিহি করল মেটা। সূত্রের খবর, তথ্য ও প্রযুক্তি মন্ত্রককে পাঠানো চিঠিতে সংস্থা জানিয়েছে, প্রধানমন্ত্রী-সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের অ্যাকাউন্টে ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে বিশেষ সুরক্ষা ব্যবস্থা চালু করা হচ্ছে। পাশাপাশি, কেন্দ্রের তলব মেনে সংস্থার শীর্ষ আধিকারিকরা খুব শীঘ্রই সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানা গিয়েছে।
সম্প্রতি নিট প্রশ্নফাঁস ইস্যুতে কড়া পদক্ষেপের বার্তা দিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী। অল্প সময়ের মধ্যেই সেই ভিডিও বিপুল সাড়া ফেলে সামাজিক মাধ্যমে। মাত্র ১২ ঘণ্টায় ভিডিওটির ভিউ ২৭১ মিলিয়ন ছাড়িয়ে যায়। লাইক পড়ে দেড় কোটিরও বেশি এবং মন্তব্যের সংখ্যা ১৩ লক্ষের গণ্ডি অতিক্রম করে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম অনুসরণকারীর সংখ্যাও ১০১ মিলিয়ন থেকে বেড়ে ১০২ মিলিয়নে পৌঁছে যায়।
আরও পড়ুন: প্রশ্নফাঁসে আরও কড়া আইন, লোকসভায় পাশ হল বিল!
কিন্তু বিপুল জনপ্রিয়তা পাওয়া সেই ভিডিওই মঙ্গলবার সকালে হঠাৎ ইনস্টাগ্রাম থেকে উধাও হয়ে যায়। যদিও কিছু সময়ের মধ্যেই সেটি ফের দৃশ্যমান হয়, তবু ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে কেন্দ্র। মেটার শীর্ষ কর্তাদের তলব করা হয় এবং ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়। এরপরই প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেয় মেটা।
সূত্রের দাবি, মেটা তাদের চিঠিতে জানিয়েছে যে প্রধানমন্ত্রী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জননেতাদের অ্যাকাউন্ট নিয়মিত পর্যবেক্ষণের আওতায় রাখা হবে। কোনও প্রযুক্তিগত ত্রুটির কারণে যাতে ভবিষ্যতে পোস্ট বা ভিডিও মুছে না যায়, সে বিষয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হবে। যদিও এই বিষয়ে এখনও প্রকাশ্যে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি মেটা। তবে ঘটনাটি ঘিরে প্রযুক্তি সংস্থা ও কেন্দ্রীয় সরকারের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।







