HomeScrollমুম্বইয়ে পা উইলিয়াম-কেটের, ক্যানসারের চিকিৎসার পর বড় বিদেশ সফরে প্রিন্সেস অফ ওয়েলস
Prince William and Kate Middleton Arrive in Mumbai

মুম্বইয়ে পা উইলিয়াম-কেটের, ক্যানসারের চিকিৎসার পর বড় বিদেশ সফরে প্রিন্সেস অফ ওয়েলস

তিন দিনের ভারত সফরে মুম্বইয়ে পৌঁছলেন ব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেট মিডলটন। মঙ্গলবার আর্থশট প্রাইজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁদের। ২০২৪ সালে ক্যানসারের চিকিৎসার পর এটিই কেটের অন্যতম গুরুত্বপূর্ণ বিদেশ সফর।

ওয়েব ডেস্ক : ভারত সফরে মুম্বইয়ে পৌঁছলেন ব্রিটেনের রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম (Prince William) এবং তাঁর স্ত্রী কেট মিডলটন (Kate Middleton)। তিন দিনের সফরে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তাঁরা। এই সফরের অন্যতম প্রধান আকর্ষণ মঙ্গলবারের আর্থশট প্রাইজের পুরস্কার (Earthshot Prize 2026) বিতরণী অনুষ্ঠান।

২০২৪ সালে ক্যানসারের চিকিৎসার জন্য কেমোথেরাপি নিয়েছিলেন কেট। বর্তমানে তিনি রোগমুক্তির পর্যায়ে থাকলেও অসুস্থতার প্রভাব এখনও তাঁর জীবনে রয়েছে বলে জানিয়েছেন। চিকিৎসার পর এটিই তাঁর অন্যতম গুরুত্বপূর্ণ বিদেশ সফর। এর আগে ২০২৪ সালের পর বিদেশে তাঁর উল্লেখযোগ্য সফর ছিল ইতালিতে। তবে সেই সফরে তিনি একাই গিয়েছিলেন।

আরও খবর : আসিয়ান সম্মেলনে যোগ দিতে ফিলিপিন্স সফরে মোদি, ম্যানিলায় ট্রাম্প-সহ কোয়াড বৈঠকেও নজর

প্রিন্স উইলিয়াম ২০২০ সালে আর্থশট প্রাইজের সূচনা করেন। জলবায়ু পরিবর্তনের মোকাবিলা এবং পরিবেশ রক্ষায় কার্যকর সমাধান খুঁজে বের করাই এই উদ্যোগের লক্ষ্য। প্রতি বছর পাঁচজন বিজয়ীকে তাঁদের প্রকল্পের বিস্তার ঘটানোর জন্য ১০ লক্ষ পাউন্ড করে পুরস্কার দেওয়া হয়।

এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি এখনও পর্যন্ত সবচেয়ে বড় আয়োজন হতে চলেছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ভারতীয় ক্রিকেট তারকা সচিন তেন্ডুলকর, অভিনেত্রী আলিয়া ভাট এবং অভিনেতা রামি মালেকের। এছাড়াও মঞ্চে পারফর্ম করবে ব্রিটিশ পপ ব্যান্ড টেক দ্যাট। ভারতে এই প্রথম অনুষ্ঠান করতে চলেছে তারা। আর্থশট প্রাইজের কর্মসূচির বাইরেও ভারতীয় ক্রিকেট, ফ্যাশন এবং চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন উইলিয়াম ও কেট।

কেনসিংটন প্যালেসের এক মুখপাত্রের বক্তব্য, পরিবেশগত সমস্যাগুলি গুরুতর হলেও সেগুলির সমাধানে মানুষের উদ্ভাবনী ক্ষমতা ও উদ্যোগের উপর আস্থা রাখে আর্থশট প্রাইজ। এদিকে, অসুস্থতার পর ধীরে ধীরে সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ বাড়িয়েছেন কেট। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তাঁর সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া সবসময় একই রকম ছিল না। কখনও ভালো দিন, কখনও খারাপ দিন এসেছে। সম্পূর্ণ সুস্থতার জন্য সময় প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, মুম্বইয়ের ঐতিহ্যবাহী ‘গলি ক্রিকেট’ অংশ নিয়ে ভারত সফরের কর্মসূচি শুরু করবেন রাজদম্পতি। এরপর মুম্বইয়ের মেট্রো রেলে সফর করবেন তাঁরা। বুধবার ঐতিহ্যবাহী হস্তশিল্পের সঙ্গে যুক্ত একটি প্রতিষ্ঠানে যাবেন রাজদম্পতি। সূত্রের খবর, অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানেও যাওয়ার কথা রয়েছে তাঁদের।

[youtube-feed feed=1]
Read More

Latest News