HomeScrollঅন্নপূর্ণার টাকা কই? রাস্তায় নেমে প্রতিবাদ মহিলাদের, বরাকরে পথ অবরোধ
Annapurna Yojana

অন্নপূর্ণার টাকা কই? রাস্তায় নেমে প্রতিবাদ মহিলাদের, বরাকরে পথ অবরোধ

অন্নপূর্ণা যোজনায় আবেদন করেও অ্যাকাউন্টে টাকা না আসার অভিযোগ, দ্রুত সমাধানের দাবিতে বিক্ষোভ

ওয়েব ডেস্ক : অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েনি। এই অভিযোগে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন একদল মহিলা। শনিবার আসানসোলের (Asansol) কুলটি থানার অন্তর্গত বরাকরের রামনগর এলাকায় পথ অবরোধ করে প্রতিবাদ করেন তাঁরা। বিক্ষোভকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়।

বিক্ষোভকারী মহিলাদের দাবি, পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকার পাশাপাশি কুলটির বহু মহিলা অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) জন্য আবেদন করেছেন। তাঁদের মধ্যে অনেকের অ্যাকাউন্টে ইতিমধ্যেই প্রকল্পের টাকা ঢুকেছে। কিন্তু আবেদন করার পরও বেশ কয়েকজনের অ্যাকাউন্টে এখনও টাকা জমা পড়েনি বলে অভিযোগ। কেন টাকা আসছে না, তা জানতে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেও স্পষ্ট উত্তর মেলেনি বলে দাবি তাঁদের।

আরও খবর : বাজির কারবারে পুলিশের বড়সড় সারপ্রাইজ! চম্পাহাটিতে উদ্ধার ৪০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি

বিক্ষোভকারীদের দাবি, প্রকল্পের জন্য যাঁরা যোগ্য, তাঁদের আবেদন দ্রুত যাচাই করে প্রাপ্য টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার ব্যবস্থা করতে হবে। দীর্ঘদিন অপেক্ষার পরও টাকা না পাওয়ায় বাধ্য হয়েই রাস্তায় নেমেছেন তাঁরা। সমস্যার দ্রুত সমাধান না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন বিক্ষোভকারীরা।

মহিলাদের পথ অবরোধের জেরে রামনগর এলাকায় যান চলাচলে প্রভাব পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া নিয়ে পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকায় এর আগেও ক্ষোভের ছবি সামনে এসেছে। এবার বরাকরের বিক্ষোভে সেই অসন্তোষ আরও একবার প্রকাশ্যে এল।

[youtube-feed feed=1]
Read More

Latest News