ওয়েব ডেস্ক : কেন্দ্রের ‘ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা রসায়ন’ (ভাব্য) প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গে একটি আধুনিক কেমিক্যাল পার্ক গড়ে তোলার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) চিঠি লিখলেন বিজেপির রাজ্যসভার সাংসদ তথা রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। চিঠিতে তিনি সিঙ্গুর, হলদিয়া, দুর্গাপুর এবং রঘুনাথপুরকে সম্ভাব্য স্থান হিসেবে উল্লেখ করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।
শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) জানিয়েছেন, রাজ্যে কেমিক্যাল পার্ক তৈরি হলে বড় শিল্প বিনিয়োগের পাশাপাশি বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তাঁর মতে, রাজ্যের কাছে যদি আরও উপযুক্ত কোনও স্থান থাকে, সেটিও বিবেচনা করা যেতে পারে।
আরও খবর : দু’বছর পরও মেলেনি বিচার, জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ নির্যাতিতার মা
সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা ‘ভাব্য’ প্রকল্পে অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের অধীনে দেশের তিনটি স্থানে তিনটি ডেডিকেটেড কেমিক্যাল পার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রতিটি প্রকল্পে কেন্দ্র সর্বোচ্চ ১,০০০ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেবে। রাজ্য সরকারকে দিতে হবে ৫০০ কোটি টাকা এবং প্রায় ২,০০০ একর জমির ব্যবস্থা করতে হবে।
চিঠিতে শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) উল্লেখ করেছেন, পশ্চিমবঙ্গে এই প্রকল্প বাস্তবায়িত হলে কেমিক্যাল, নির্মাণ, লজিস্টিক এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি বস্ত্র, ওষুধ, ইলেকট্রনিক্স, কৃষি এবং অটোমোবাইল শিল্পও এর সুফল পাবে। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও কমন এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরির সুযোগও তৈরি হবে বলে জানিয়েছেন তিনি।







