কলকাতা: বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) দ্বিতীয় অর্থাৎ শেষ দফায় সাত জেলার ১৪২ কেন্দ্রে শুরু হল ভোটগ্রহণ। তবে সকলের নজর রয়েছে ভবানীপুরের (Bhabaniur Assembly) দিকে। ঠিক যেন এই আসনটা এবারের ভোটে হয়ে উঠেছে মমতা (Mamata Banerjee) বনাম শুভেন্দু (Suvendu Adhikari) লড়াইয়ের এক মেগা-অ্যারিনা। তবে শুধু ভবানীপুর নয়, এই দফায় প্রার্থীদের ভাগ্য নির্ধারন হবে রাসবিহারী, সোনারপুর দক্ষিণ, ভাঙড় সহ একাধিক হাইভোল্টেজ কেন্দ্র। এই দফার প্রার্থী তালিকাও বেশ তারকাখচিত। বিভিন্ন আসন থেকে আজ লড়ছেন অদিতি মুন্সি, রাজ চক্রবর্তী, সোহম চক্রবর্তী, শর্বরী মুখোপাধ্যায়, পাপিয়া আধিকারীর মতো সেলিব্রিটিরা। পাশাপাশি অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, বেচারাম মান্না, ইন্দ্রনীল সেন, পুলক রায়, অরূপ রায়, সিদ্দিকুল্লা চৌধুরীর মতো দুঁদে নেতাদের ভাগ্যও আজ নির্ধারণ করছেন ভোটাররা। ভোটের মাঝে কোথায় কী হল, তার টাটকা আপডেট দেখতে স্ক্রল করুন।
গণতন্ত্রের উৎসবে নজিরবিহীন সাড়া। বিকেল ৫টা পর্যন্ত রাজ্যে মোট ভোটের হার পৌঁছেছে ৮৯.৯৯ শতাংশে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ৮৫.৫১ শতাংশ।
সাগর বিধানসভার গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের ১৩৫ নম্বর বুথে প্রশাসনিক সহায়তার অভাবের মধ্যেও গণতান্ত্রিক অধিকার প্রয়োগে অনন্য নজির গড়লেন গ্রামবাসীরা। অসুস্থ ও প্রতিবন্ধী ভোটারদের দোলনায় বসিয়ে কাঁধে করে বুথে পৌঁছে দেন তাঁরা। নির্বাচন কমিশনের সুবিধা না মেলায় স্থানীয়দের উদ্যোগেই তৈরি হয় দেশীয় ‘দোলনা’। প্রতিবেশীদের সহায়তায় ভোট দিতে পেরে খুশি ভোটাররা। এই মানবিক উদ্যোগে আপ্লুত নির্বাচন কর্মীরাও।
পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের নির্বাচনী এজেন্ট দিলীপ মল্লিকের আত্মীয় কৃষ্ণ রায়কে বাড়ি থেকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। দক্ষিণ শ্রীরামপুরে ঘটনাটি ঘটে। কৃষ্ণ রায়ের দাবি, বাড়ির ভেতরে বসে থাকার সময় আচমকাই বাহিনী ঢুকে তাঁকে টেনে বাইরে নিয়ে গিয়ে মারধর করে। পরে রাজ্য পুলিশ জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়ে দেয়। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়।
ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোটদান শেষে কালীঘাট মন্দিরে পুজো দিতে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের পরেই তাঁর এই ধর্মীয় আচার নজর কাড়ছে সাধারণ মানুষের।
সন্দেশখালিতে ভোট ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, বুথে যেতে বাধা দেওয়ার অভিযোগে দুই পক্ষের মারামারি, এলাকায় উত্তেজনা, পরিস্থিতি সামাল দিতে পৌঁছয় পুলিশ।

সকাল থেকেই বিভিন্ন এলাকা ঘুরে ভোট পরিস্থিতির খোঁজ নিচ্ছিলেন মমতা। সেই পর্ব শেষ করে অবশেষে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন তৃণমূল সুপ্রিমো। ভোট দিতে তাঁকে দেখতে বুথের বাইরে ভিড়ও জমে যায়।
দ্বিতীয় দফায় রাজ্যজুড়ে উৎসবের আবহে ভোটগ্রহণ, অধিকাংশ জায়গায় শান্তিপূর্ণভাবেই চলছে প্রক্রিয়া।

তৃণমূল প্রার্থী কুণাল ঘোষের দাবি, মানুষের সমর্থন দিদির পাশে। নির্বাচন কমিশনের অব্যবস্থায় ধীরগতির ভোট, লাইনে ভোগান্তির অভিযোগ তুললেন তৃণমূলের মুখপাত্র।

কলকাতা বন্দরে ভোট দিয়ে মেয়র ফিরহাদ হাকিমের বার্তা, নিজের ভোট নিজে দিন। এর আগে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে হুমকির অভিযোগও তোলেন তিনি
বুথ এজেন্টকে মারধরের অভিযোগে বিক্ষোভ, পরে বোঝানোর পর পুনরায় শুরু ভোটদান।
১২১ নম্বর বুথে মহিলাদের ওপর লাঠিচার্জের অভিযোগ তৃণমূলের, অস্বীকার বাহিনীর।
২২৪ নম্বর বুথে গ্রামবাসীদের ওপর হামলার অভিযোগ, মমতা ঠাকুরের দাবি শান্তনু ঠাকুরের ইন্ধন।
১২ নম্বর ওয়ার্ডে ভয় দেখানো ও গোলমালের অভিযোগে এনাম খানকে গ্রেফতার খড়দহ থানার পুলিশ।
১১৬ নম্বর বুথের কাছে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জের অভিযোগ, ঘটনায় আহত শিশু।
নিরাপত্তাহীন অবস্থায় গাড়ি ঘোরার অভিযোগে গ্রামবাসীদের আটক। পরে পরীক্ষা-নিরীক্ষার পর ইভিএম-ভিভিপ্যাট কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেওয়া হয়, আপাতত নিয়ন্ত্রণে পরিস্থিতি।

তেহট্টে ইভিএম বোঝাই গাড়ি ঘিরে বিক্ষোভ। বাগডাঙ্গায় নিরাপত্তাহীন গাড়ি দেখে সন্দেহে আটক গ্রামবাসীরা। যাচাইয়ের পর কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেওয়া হয় ইভিএম-ভিভিপ্যাট, এলাকায় উত্তেজনা।

কৃষ্ণনগরে ভোটে প্রভাবের অভিযোগ তুলে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীকে নিশানা সাংসদের, কর্মীদের তুলে নেওয়ার দাবিও করেন।

২১ নম্বর ওয়ার্ডে রাস্তায় বসে ভোটার প্রভাবের অভিযোগে তৃণমূল কাউন্সিলরকে লাঠি উঁচিয়ে সরাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, এলাকায় চাঞ্চল্য।
১৮৮-১৮৯ নম্বর বুথে ভোটে বাধা ও নিগ্রহের অভিযোগে চাঞ্চল্য। ভোটারদের স্লিপ কেড়ে নেওয়া ও তালিকা ছেঁড়ার দাবি, এলাকায় চাপা উত্তেজনা।
বোগদাদনগরে পুলিশের হানায় মিলল ১১.১০ লক্ষ টাকা ও ১৫৬টি স্মার্টফোন। পাচারচক্রের যোগের সন্দেহ, ধৃতদের জিজ্ঞাসাবাদে তদন্ত চলছে। এখনও পর্যন্ত গ্রেফতার ৩।
বাবলারি ৩৩ নম্বর বুথে বিজেপি কর্মীদের হুমকি ও মারধরের অভিযোগ। প্রার্থী পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত, পুলিশ হস্তক্ষেপে নিয়ন্ত্রণ, তৃণমূল সমর্থক সন্দেহে দু’জন আটক।

সোনারপুর দক্ষিণে ভোট দিয়ে নাম বাদ পড়ার অভিযোগ তোলেন তৃণমূল প্রার্থী। কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে বলেও দাবি, তীব্র আক্রমণ লাভলীর।
ভারতীয় বিদ্যাভবনে শ্লো ভোটিংয়ের মাঝে ভিড় নিয়ে দুই পক্ষের অভিযোগ-পাল্টা অভিযোগ। বুথে উত্তেজনা, একে অপরের বিরুদ্ধে বহিরাগত আনার দাবি ভোটারদের।
দক্ষিণ বাসুরলাটে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে বাড়ি গিয়ে হুমকির অভিযোগ। জওয়ানদের কাছে ক্ষোভ উগড়ে দিলেন ভোটাররা।
বিরুরী গ্রামের ৩৫ নম্বর বুথের কাছে ব্যাগে মিলল ৬টি বোমা। ঘিরে রাখল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, বোম স্কোয়াডকে খবর, এলাকায় উত্তেজনা।
উত্তরপ্রদেশের হরদইতে গঙ্গা এক্সপ্রেসওয়ে উদ্বোধনে মোদি বলেন, "নির্ভয়ে ভোট দিচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ। আজকের দিনটি গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। ঐতিহাসিক জয় পেতে চলেছে বিজেপি। আমি আত্মবিশ্বাসী যে এই পাঁচটি রাজ্যের নির্বাচনে বিজেপি জয়ের এক ঐতিহাসিক হ্যাটট্রিক সম্পন্ন করতে চলেছে।"
বেলা ১টা পর্যন্ত ১৪২ আসনে ভোটের হার গড়ে ৬১.১১ শতাংশ, জানিয়ে দিল নির্বাচন কমিশন।
ভোট দিলেন তৃণমূল নেতা প্রতীক উর রহমান। বুধবার সকালে স্ত্রীকে নিয়ে ১৮৬ নং বুথ, নপাড়া প্রাইমারি স্কুলে ভোট দেন তিনি।
এন্টালি ভোটকেন্দ্রে বুথে ঢুকে উত্তেজনা বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের। অভিযোগ, ভিতরে জায়গা কম থাকায় এজেন্টকে বুথ থেকে বের করে দেন তিনি।
কালীঘাটে উত্তেজনার মাঝে শুভেন্দু বললেন, "ভবানীপুর ভদ্রলোকদের জায়গা। ছোটলোকদের স্থান নেই। যারা এগুলো করছে, ভাল করছে। আমার ভোট আরও বাড়বে।"
‘জয় বাংলা’ বনাম ‘জয় শ্রীরাম’ স্লোগানে উত্তেজনা চরমে। পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ কেন্দ্রীয় বাহিনীর।
মধ্য হাওড়ায় অস্ত্র দেখিয়ে ভোটে চাপের অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক। নার্সিং বোস লেনে যুবকের বিরুদ্ধে বিজেপিকে ভোট দিতে ভয় দেখানোর অভিযোগ। তৃণমূলের অভিযোগ, বিজেপির অস্বীকার। পুলিশ আটক করে তদন্তে নেমেছে।
সপরিবারে ভোট দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভোট কেন্দ্রে তাঁর সঙ্গে ছিলেন ডোনা গঙ্গোপাধ্যায় ও দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। ভোটদানের পর বেরিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তোলেন। সেই সঙ্গে বলেন, "শান্তিপূর্ণ ভোট হচ্ছে। এই কেন্দ্রে এমনিতেও ঝামেলা হয় না। এবারও নিশ্চিন্তেই ভোট দেওয়া গেছে।"
বুথ পরিদর্শনে গিয়ে তৃণমূলের ‘জয় বাংলা’ স্লোগান, পাল্টা বিজেপির ‘জয় শ্রীরাম’। হামলার অভিযোগ তুলে কমিশনে ফোন শুভেন্দুর, বাড়তি বাহিনী চাইলেন বিজেপি নেতা।
দ্বিতীয় দফায় ভোট পরিস্থিতি জানতে বিজেপি প্রার্থীকে ফোন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। মিত্র ইনস্টিটিউশনে এসে শুভেন্দুর দাবি, এই বুথেও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী।

কামারহাটিতে ভোট দিলেন মদন মিত্র। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল নেতা। হীরালাল কলেজে ভোট দিয়ে তৃণমূল প্রার্থী মদন মিত্রের দাবি, কামারহাটিতে জয়ের ব্যাপারে তিনি যথেষ্ট আশাবাদী।
দ্বিজহরিদাস কলোনির ২১৪ ও ১৫ নম্বর বুথে বিক্ষিপ্ত গোলমাল। বাইরে থেকে লোক আনার অভিযোগে একজন আটক, তৃণমূলের দাবি ভোট শান্তিপূর্ণ; ধৃতের দাবি নির্দল প্রার্থীর সঙ্গে এসেছিলেন।
দ্বিতীয় দফা ভোটে ভাঙড়ে তীব্র উত্তেজনা । ঘটনাস্থলে NIA। লাঠিচার্জ পুলিশের। এলাকায় তীব্র উত্তেজনা।
দ্বিতীয় দফায় হুগলি ৪৩.১২%, পূর্ব বর্ধমান ৪৪.৫০% এগিয়ে। হাওড়া ৩৯.৪৫%, কলকাতা উত্তর ৩৮.৩৯%, দক্ষিণ ৩৬.৭৮%, নদিয়া ৪০.৩৪%, উত্তর ২৪ পরগনা ৩৮.৪৩%, দক্ষিণ ২৪ পরগনা ৩৭.৯২%।

আগরপাড়ার ২৫ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী রত্ন দেবনাথকে ঘিরে বিক্ষোভ। তৃণমূলের বিরুদ্ধে ভোটে বাধার অভিযোগ।

রাসবিহারীর চারুচন্দ্র কলেজে ইভিএম খারাপ থাকায় প্রথমে ভোট দিতে পারেননি তৃণমূলের প্রার্থী। পরে সমস্যা মিটলে সস্ত্রীক ফিরে এসে ভোট দেন তিনি।
হিঙ্গলগঞ্জের খুলনা ১৭৬ নম্বর বুথে জীবিত হয়েও ডেথ লিস্টে নাম থাকায় ভোটাধিকার থেকে বঞ্চিত আলপনা পাত্র। ঘটনায় ক্ষোভ বিজেপি প্রার্থী রেখার। পেনশন বন্ধের আশঙ্কায় ভেঙে পড়েন বৃদ্ধা।

মনসাতলা-সহ একাধিক বুথ এলাকায় তৃণমূলের ক্যাম্প সরাতে গিয়ে লাঠিচার্জ ও ভাঙচুরের অভিযোগ। চেয়ার-টেবিল উল্টে দেওয়ার দাবি, ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সোনারপুর দক্ষিণে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ঘুরে ধীরগতির ভোটের অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলি। বয়স্ক ভোটারদের সহায়তাও করতে দেখা গেল তাঁকে।
রানাঘাট উত্তর-পশ্চিমে ২৩৭ নম্বর বুথে ভোট দেন বিজেপি প্রার্থী পার্থসারথি চ্যাটার্জি। শান্তিপূর্ণ ভোটের দাবি, কর্মী-সমর্থকদের উৎসাহের মাঝে বয়স্কদের আশীর্বাদ নিয়ে বিভিন্ন বুথে খোঁজখবর নেন তিনি।
নদিয়ার এলেমনগর ১৮৯ নম্বর বুথে আইএসএফ কর্মীর ভোট প্রভাবের অভিযোগে ক্ষোভ। সিআরপিএফের সঙ্গে বচসা ও মারধরের অভিযোগে এলাকায় উত্তেজনা ছড়ায়

সকাল সকাল আরবানা আবাসনে ভোট দিলেন পরিচালক ও ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী৷ সঙ্গে ছিলেন তাঁর অভিনেতা স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সাত সকালেই দু’জনে একসঙ্গে এলেন ভোট দিতে।
দ্বিতীয় দফায় হুগলি ২০.১৬%, পূর্ব বর্ধমান ২০.৮৬% শীর্ষে। হাওড়া ১৭.৭৬%, কলকাতা উত্তর ১৭.২৮%, দক্ষিণ ১৬.৮১%, নদিয়া ১৮.৫০%, উত্তর ২৪ পরগনা ১৭.৮১%, দক্ষিণ ২৪ পরগনা ১৭.২৫%।
চক্রবেড়িয়ার বুথে প্রায় মুখোমুখি দুই প্রার্থী। এলাকায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। ‘গুন্ডামি করতে দেব না’ মন্তব্য শুভেন্দুর।

সাইআটি এলাকায় নওশাদ সিদ্দিকীকে ঘিরে বিক্ষোভ। বিক্ষোভকারীদের মুখে ‘জয় বাংলা’ স্লোগান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় সিআরপিএফ।

ভবানীপুরে কন্ট্রোল রুম পরিদর্শন করলেন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শুভেন্দু অধিকারী।
সল্টলেকে বাড়ি থেকে বেরিয়ে কালীমন্দিরে পুজো দিয়ে এডি স্কুলে ভোট দেন ড. শারদ্বত মুখার্জি। ভিভিপ্যাট সমস্যা ও কিছু বুথ জ্যামের অভিযোগ, তবে সামগ্রিকভাবে শান্তিপূর্ণ ভোট চলছে বলে দাবি ক্রলেন বিজেপি নেতা।

দেবীপুরের ১৭৭ নম্বর বুথে ভোট চলাকালীন ইভিএমে প্রতীকের উপর টেপ সাঁটার অভিযোগ। ভোটারদের বিক্ষোভে এলাকায় উত্তেজনা। ঘটনাস্থলে বাহিনী মোতায়েন। নির্বাচন কমিশনে অভিযোগ বিজেপির।
বরানগরে ধীরগতিতে চলছে ভোট। আলমবাজার ব্যায়াম সমিতি কেন্দ্রে দু’ঘণ্টা অপেক্ষাতেও ভোট দিতে না পেরে বিক্ষোভ। ঘটনাস্থলে গিয়ে অভিযোগ শুনলেন বিজেপি প্রার্থী সজল ঘোষ।

মাইকেল নগরের শিক্ষা নিকেতন হাই স্কুলের ১৬৬ নম্বর বুথের ইভিএম বিভ্রাট। বেশ কিছুক্ষণ ধরে বন্ধ রয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। সেক্টর অফিসারকে বিষয়টি জানানো হয়েছে। সকালে ভোটগ্রহণ শুরু হয়েছিল। তারপরেই ইভিএম বিভ্রাটের ঘটনা।
ভবানীপুরে হনুমান মন্দিরে পুজো দিয়ে ৭৭ নং ওয়ার্ড পরিদর্শন করলেন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শুভেন্দু অধিকারী।
ভাটপাড়ায় ভোট দিলেন পবন সিং। সকালেই কেন্দ্রে উপস্থিত বিজেপি প্রার্থী।
কেউটিয়া ৩৪ নম্বর বুথে আগ্নেয়াস্ত্র উদ্ধারে চাঞ্চল্য। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, খবর পেয়ে ঘটনাস্থলে বিজেপি প্রার্থী রাজেশ কুমার।
কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। বুথের বাইরে দাঁড়িয়ে ভিডিও দেখিয়ে বিস্ফোরক দাবি বিদায়ী মুখ্যমন্ত্রীর! রাতে তৃণমূল কর্মীদের বাড়িতে গিয়ে ভয় দেখাচ্ছে CRPF, এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। তিনি বলেন, "দেখুন রাতে আমাদের কর্মীদের কেমন মেরেছে। এটা কেমন গুন্ডামি চলছে? এভাবে ভোট হয়না। এটা গণতন্ত্রের উৎসব। বিজেপি গণতন্ত্রকে হত্যা করছে। আমাদের কর্মীরা প্রাণ দিতে রাজি। ওরা জায়গা ছাড়বে না।"
সকাল থেকেই একাধিক বুথ ঘুরে আপাতত চক্রবেরিয়ার একটি বুথে পরিদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পরিস্থিতি খতিয়ে দেখছেন তিনি।

বালি বিধানসভার ডন বসকো লিলুয়া সহনলাল বিদ্যালয়ের বুথে ইভিএম বিকল হওয়ায় ভোটে বিঘ্ন। ক্ষুব্ধ ভোটারদের বিক্ষোভে উত্তেজনা ছড়ায়, পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। গ্রেফতার ২।
আমডাঙায় বাইক নিয়ে বুথ এলাকায় জমায়েতের অভিযোগে অ্যাকশনে পুলিশ ও র্যাফ। খন্ডশর্করার ৮৯ নম্বর বুথে ভিড় সরাতে লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের। এলাকায় চাঞ্চল্য।
মধ্য হাওড়ার ১৯৫ নম্বর বুথে ইভিএম বিকল ইভিএম। এক ঘণ্টা ভোট বন্ধ। বুথের বাইরে লম্বা লাইনে ভোটারদের।
৯১ চাকদহ বিধানসভা কেন্দ্রের ভবানীপুর সুকান্ত বিদ্যা নিকেতন স্কুলের ১১৪ নম্বর বুথে ভোট দিলেন হরিণঘাটা বিধানসভার বিজেপি প্রার্থী অসীম কুমার সরকার।
খিদিরপুর হনুমান মন্দির এলাকার বুথ পরিদর্শনে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। সকাল ৯টায় তিনি মিত্র ইনস্টিটিউটশনে যাবেন বলে জানা গিয়েছে।
কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রে ইভিএম বিভ্রাট। ৩৬ নং বুথে সকাল ৭টা থেকেইঅ শুরু হয় গোলযোগ। ভোটদানে দেরি। হাওড়ায় একাধিক জায়গা থেকে আসছে বিভ্রাটের খবর। মন্তেশ্বর বিধানসভার রাইগ্রামে ১১৭ ও ১১৮নং বুথে ভিভি প্যাডে প্রার্থীর ছবি উঠছে না অভিযোগ।
কলকাতার মিত্র ইন্সটিটিউশনে ভোট দিলেন ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের লোকসভা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, "কেন্দ্রীয় বাহিনী এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছে। হাইকোর্টের নির্দেশও মানছে না। পুলিশ পর্যবেক্ষকরা মানুষকে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন। এসব করে লাভ নেই। মুখ থুবড়ে পড়বে।"
ভোট শুরু হতেই মন্দিরে পূজো দিয়ে নিজের বুথে ভোট দিলেন নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং।
রানাঘাট উত্তরপূর্ব বিধানসভা কেন্দ্রের রামনগর বড় চুপরিয়া গ্রাম পঞ্চায়েতের ৮২ এবং ৮৩ নম্বর বুথে ইভিএম বিকল। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোটাররা। চাকদহ বিধানসভা কেন্দ্রের মলিচাগর প্রাইমারি বিদ্যালয়ের ১০ নম্বর বুথেও ইভিএম বিকল হয়ে পড়ার অভিযোগ।
ভাঙড়ের তৃণমূল কংগ্রেস প্রার্থী শওকত মোল্লা বলেন, "পুলিশ কমিশনের দালালি করছে। তারপরও আমি মনে করি শেষ হাসি তৃণমূলই হাসবে। আইএসএফ হামলা করছে। নোংরা খেলা খেলছে।"
ভোট দিলেন তৃণমূল কংগ্রেসের লোতসভার সাংসদ মহুয়া মৈত্র। করিমপুর গার্লস হাইস্কুলের ১২০ নম্বর বুথে ভোটদান করেন তিনি।
সকাল সকাল চেতলায় গাড়ি নিয়ে বেরোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর কেন্দ্রের বুথে সারা দিন তিনি ঘুরবেন বলে জানালেন। পাশাপাশি কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর হানা নিয়ে মুখ খোলেন তিনি।
ভোট দেওয়ার আগে বামনেতা সুজন চক্রবর্তীতৃণমূল কর্মীদের সঙ্গে তাঁদের ক্যাম্পে গিয়ে গল্প করেন।
শ্যামপুকুরে বুথের ১০০ মিটারের মধ্যে জমায়েত, পুলিশের লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের। জমায়েত সরিয়ে দেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।
নবদ্বীপে ৬৯ নম্বর বুথে ভোট শুরু হওয়ার আগেই দেখা গেল ইভিএম খারাপ। বন্ধ রয়েছে ভোটগ্রহণ।
ভবানীপুরের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি পুলিশের। ভোটকেন্দ্র থেকে সামান্য দূরে বসেছিলেন তিনি।চার জনের বেশি থাকা যাবে না বলে তাঁদের জানিয়ে দেয় পুলিশ।
ভোট দিলেন অভয়ার মা তথা পানিহাটি কেন্দ্রের বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "মানুষ আমাদের ভোট দিয়েছে। আমরাই জিতব। এবার বিচার হবেই।"
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, 'আজ যাঁরা ভোট দিচ্ছেন, তাঁদের সকলকে অনুরোধ করছি, রেকর্ড সংখ্যায় ভোট দিন। এবং আমাদের গণতন্ত্রকে আরও গতিশীল করুন। বিশেষ করে পশ্চিমবঙ্গের মহিলা ও যুব সম্প্রদায়ের বিপুল ভাবে ভোটদান করা জরুরি।'
রাতে সিঙ্গুরে উত্তেজনা। দলবল নিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বিদায়ী মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী বেচারাম মান্না।
নদিয়ার শান্তিপুর বিধানসভার বাবলা পঞ্চায়েতের মোল্লাবেড় উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ইভিএম বিকল! বেলঘরিয়া-২ পঞ্চায়েত এলাকায় একটি বুথে ভিভিপ্যাট কাজ করছে না বলে অভিযোগ।
বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় রাজ্যের ১৪২ আসনে শুরু হল ভোটগ্রহণ।







