ওয়েব ডেস্ক : সপ্তমীর পর থেকে বদলেছে আবহাওয়ার (Weather) মেজাজ। রোদ ঝলমলে আকাশে কেটেছে পুজোর পরের দিনগুলি। এবার উৎসবের শেষ পর্বেও স্বস্তির ইঙ্গিত। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির উল্লেখযোগ্য সম্ভাবনা নেই। ফলে দশমীর প্রতিমা নিরঞ্জন থেকে শুরু করে লক্ষ্মীপুজোর প্রস্তুতি—আবহাওয়া নিয়ে আপাতত বড় দুশ্চিন্তা নেই।
দশমী ও একাদশীতে আকাশ মূলত পরিষ্কার থাকার সম্ভাবনা। বিকেলের দিকে কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা হতে পারে। তবে সেই কারণে বৃষ্টির আশঙ্কা নেই বলেই পূর্বাভাস।
কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
দশমী ও একাদশীতে কলকাতার (Kolkata) আকাশও মূলত পরিষ্কার থাকার সম্ভাবনা। তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত নেই। সকাল ও সন্ধ্যায় আবহাওয়া তুলনামূলক আরামদায়ক থাকলেও বেলার দিকে বাতাসে আর্দ্রতার কারণে অস্বস্তি হতে পারে। তাই রোদে বেরোলে গরমের বিষয়টিও মাথায় রাখা প্রয়োজন।
আরও খবর : বিস্কুটে পশুখাদ্যের ভুসি, দুধে ডিটারজেন্ট! তিন সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI- এর
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা?
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দুই বর্ধমানের মতো জেলাগুলিতে আপাতত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস। কলকাতা ও সংলগ্ন এলাকায় আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। তবে পশ্চিমের জেলাগুলিতে সকাল ও সন্ধ্যায় তুলনামূলক স্বস্তিদায়ক পরিবেশ থাকার সম্ভাবনা।
উত্তরবঙ্গেও কি বৃষ্টি হবে?
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদাতেও আপাতত বৃষ্টির কোনও উল্লেখযোগ্য পূর্বাভাস নেই। মাঝেমধ্যে আকাশে মেঘ জমলেও সামগ্রিকভাবে শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা। ফলে পাহাড় থেকে সমতল—উত্তরবঙ্গেও উৎসবের বাকি দিনগুলিতে আবহাওয়া নিয়ে বড় কোনও উদ্বেগ নেই।
দুর্গাপুজোর পরেই বাঙালির পরবর্তী বড় উৎসব কোজাগরী লক্ষ্মীপুজো। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা কম থাকায় লক্ষ্মীপুজোর প্রস্তুতিতেও স্বস্তি মিলতে পারে। ফলে আগামী বেশ কয়েকদিন রোদ ঝলমলে সুন্দর আবহাওয়ার সাক্ষী থাকবে গোটা রাজ্য।







