কালনা- ভোটার তালিকা (Voter List) থেকে নাম বাদ, কালনায় (Kalna) পথ অবরোধে বিক্ষোভ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। ভোটার তালিকা থেকে হঠাৎ নাম বাদ পড়ার অভিযোগে উত্তাল হয়ে উঠল কালনা। মঙ্গলবার কালনা–কাটোয়া STKK রোডের নিভুজি মোড় এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘক্ষণ ধরে চলে এই অবরোধ, যার ফলে ব্যাহত হয় যান চলাচল।
বিক্ষোভকারীদের অভিযোগ, তারা বহুদিন ধরে ভারতে বসবাস করছেন। তাঁদের কাছে বৈধ পাসপোর্ট, জন্ম সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার নথি সহ প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে। শুধু একজন বা দু’জন নয়, এলাকার প্রায় প্রতিটি বুথেই বহু মানুষের নাম তালিকা থেকে উধাও হয়ে গেছে বলে দাবি করেন স্থানীয়রা।
আরও পড়ুন- কীভাবে দেওয়া হবে বকেয়া DA? বুধবার গুরুত্বপূর্ণ বৈঠক ডাকল অর্থ দফতর
এই ঘটনায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। নিজেদের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে দল-মত নির্বিশেষে একজোট হয়ে রাস্তায় নামেন এলাকাবাসী। হাতে প্ল্যাকার্ড, গলায় প্রতিবাদের স্লোগান—এভাবেই তারা জানাতে থাকেন নিজেদের ক্ষোভ।
বিক্ষোভকারীরা জানান, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা।







