নৈহাটি: রাতের হাঁটাচলার সময় বিজেপি (BJP) কর্মীর উপর দুষ্কৃতী হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল নৈহাটিতে (Naihati)। গুরুতর জখম অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে কল্যাণী হয়ে শেষ পর্যন্ত কলকাতার (Kolkata) আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে আক্রান্ত ঈশ্বর রত্নাকে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
ঘটনাটি ঘটেছে নৈহাটি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাহাপাড়া এলাকায়। পরিবার ও স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে খাওয়াদাওয়ার পর বাড়ির কাছেই গঙ্গার ধারে হাঁটছিলেন ঈশ্বর রত্না। অভিযোগ, সেই সময় কুন্দন তাঁতি নামে এক ব্যক্তি দলবল নিয়ে তাঁর উপর হামলা চালায়।
আরও পড়ুন: বিজেপি করার অপরাধে টাকা নেওয়ার অভিযোগ! সরকার বদলাতেই ‘টাকা ফেরত’
আক্রান্তের পরিবারের দাবি, বেধড়ক মারধরের পর রক্তাক্ত অবস্থায় গঙ্গার ধারে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে পরিবারের লোকজন খবর পেয়ে তাঁকে উদ্ধার করে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে তাঁকে আরজি কর হাসপাতালে পাঠানো হয়।
এই ঘটনায় নৈহাটি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্ত কুন্দন তাঁতি পলাতক বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির অভিযোগ, রাজনৈতিক কারণেই এই হামলা। যদিও অন্য পক্ষের তরফে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।







