ওয়েব ডেস্ক: দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) অধ্যাপিকা দেবস্মিতা পাল (Debasmita Pal Murder) খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায় পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে এক দম্পতিকে গ্রেফতার (Arrest) করেছে দিল্লি পুলিশ। ধৃতদের নাম রামপ্রসাদ দাস এবং বনশ্রী দাস। প্রাথমিক তদন্তে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরেই এই খুন সংঘটিত হয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি দিল্লিতে নিজের ফ্ল্যাটে মৃত অবস্থায় উদ্ধার হন দেবস্মিতা পাল। ঘটনার তদন্তে নেমে একাধিক সূত্রের ভিত্তিতে দিল্লি পুলিশ জানতে পারে, খুনের নেপথ্যে সম্পত্তিগত বিবাদ থাকতে পারে। অভিযোগ, অভিযুক্তরা বর্ধমান থেকে দিল্লিতে গিয়ে অধ্যাপিকার ফ্ল্যাটে প্রবেশ করে তাঁর উপর হামলা চালায়।
আরও পড়ুন: জঙ্গিদমন অভিযানে মর্মান্তিক দুর্ঘটনা, পাহাড় থেকে পড়ে প্রাণ হারালেন সেনা আধিকারিক
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, দেবস্মিতা পালের মাথায় ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করা হয়। এরপর তাঁর হাতের শিরা কেটে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাস্থলের বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহ করে তদন্ত এগিয়ে নিয়ে যায় পুলিশ। তদন্তের সূত্র ধরে দিল্লি পুলিশের একটি দল বর্ধমানে পৌঁছায়। এরপর বর্ধমান শহরের বাদামতলা এলাকায় অভিযান চালিয়ে রামপ্রসাদ দাস এবং বনশ্রী দাসকে গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে, ধৃত দম্পতি দীর্ঘদিন ধরে দেবস্মিতা পালের দাদুর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশের অনুমান, সম্পত্তি সংক্রান্ত বিবাদ থেকেই দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ তৈরি হয়েছিল। সেই বিরোধই শেষ পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ হয়ে উঠেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার পূর্ণাঙ্গ চিত্র জানার চেষ্টা করছে দিল্লি পুলিশ। পাশাপাশি এই হত্যাকাণ্ডে অন্য কোনও ব্যক্তি জড়িত রয়েছে কি না, কিংবা পরিকল্পিতভাবে এই অপরাধ সংঘটিত হয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।
দেখুন আরও খবর:







