ওয়েব ডেস্ক : ২১ জুলাই শহিদ দিবসের ঠিক আগে তৃণমূল কংগ্রেসে আরও এক বড় ধাক্কা। দল ছাড়ার ঘোষণা করলেন প্রাক্তন আমলা ও তৃণমূলের প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্ত (Manish Gupta)। বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে তিনি জানান, তৃণমূলে তাঁর আর কিছু করার নেই। তাই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে পদত্যাগপত্র পাঠাননি বলেও জানিয়েছেন তিনি।
মণীশ গুপ্ত বলেন, “এই দলটায় আমার আর কিছু করার নেই। তাই অযথা সময় নষ্ট না করে ছেড়ে দিলাম। পরে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেব।” তাঁর এই ঘোষণার পর থেকেই রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
আরও খবর : মিড ডে মিলে ইসকনের ভূমিকা বাড়ানোর ইঙ্গিত, পুষ্টিকর খাবার পৌঁছে দিতেই সিদ্ধান্ত: শুভেন্দু
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর থেকেই দলে ভাঙনের ছবি স্পষ্ট। ইতিমধ্যেই একাধিক নেতা-সাংসদ দল ছেড়েছেন। সম্প্রতি কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে কয়েকজন সাংসদও অন্য দলে যোগ দিয়েছেন। এরপরই ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের মহাকরণ অভিযান এবং সেই সময়ের গুলিচালনার ঘটনায় মণীশ গুপ্তর ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে। তাঁর বিরুদ্ধে তদন্তের দাবিও তোলা হয়।
এদিকে দল ছাড়ার ঘোষণা করার পাশাপাশি বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেছেন মণীশ গুপ্ত। তাঁর কথায়, “শুভেন্দু অধিকারী অত্যন্ত দক্ষ প্রশাসক। আশা করি, তিনি বাংলাকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন।” এই মন্তব্যের পর তাঁর বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়েও রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। যদিও এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি মণীশ গুপ্ত।







