HomeScrollচোখের ছবিতে ক্ষতচিহ্ন, ক্যাপশনে ‘আমি এখনও শেষ হয়ে যাইনি’! বিদেশ থেকে অভিষেকের...
Abhishek Banerjee

চোখের ছবিতে ক্ষতচিহ্ন, ক্যাপশনে ‘আমি এখনও শেষ হয়ে যাইনি’! বিদেশ থেকে অভিষেকের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে চর্চা

কলকাতা: চোখের চিকিৎসার জন্য বিদেশে থাকা অবস্থাতেই সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করলেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের চোখের ছবি দিয়ে তাঁর বার্তা, ‘এই ক্ষতচিহ্নই বলে দেয় যে আমি কতটা কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। আমার চোখ বলে দেয়, আমি এখনও শেষ হয়ে যাইনি।’ ছবিতে চোখের নীচে ক্ষতচিহ্নও দেখা যাচ্ছে। তাঁর এই পোস্ট ঘিরেই শুরু হয়েছে নানা জল্পনা।

পোস্টটির সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব বা নির্দিষ্ট ঘটনার নাম উল্লেখ করেননি অভিষেক। ফলে কাকে উদ্দেশ করে বা ঠিক কোন প্রেক্ষিতে এই বার্তা, তা স্পষ্ট নয়। তবে রাজনৈতিক মহলের একাংশ তাঁর লেখাকে বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলিয়ে দেখছেন। কেউ কেউ মনে করছেন, কঠিন সময়ের মধ্যেও নিজের অবস্থান নিয়ে বার্তা দিতেই এই পোস্ট।

চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি অবশ্য আদালতের কাছ থেকেই পেয়েছেন অভিষেক। ১০ অগস্ট সুপ্রিম কোর্ট তাঁকে তিন সপ্তাহের জন্য চোখের চিকিৎসায় বিদেশ যাওয়ার অনুমতি দেয়। নির্দিষ্ট কিছু শর্তও রাখা হয়েছিল।

এর আগে বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টে আবেদন করেছিলেন অভিষেক। সেই প্রক্রিয়ায় তাঁর চিকিৎসা সংক্রান্ত নথি নিয়েও আদালতে আলোচনা হয়েছিল। পরে সুপ্রিম কোর্টের নির্দেশের পর বিদেশযাত্রার পথ পরিষ্কার হয়।

এই আবহেই তাঁর ইনস্টাগ্রাম পোস্টটি নতুন করে রাজনৈতিক মহলের নজর কেড়েছে। বিশেষ করে ‘আমি এখনও শেষ হয়ে যাইনি’—এই বাক্য নিয়েই শুরু হয়েছে ব্যাখ্যা-বিশ্লেষণ। তবে পোস্টে অভিষেক নিজে কোনও রাজনৈতিক ব্যাখ্যা দেননি। তাই তাঁর বার্তার নির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছনোর মতো তথ্য এখনও নেই।

[youtube-feed feed=1]
Read More

Latest News