HomeScrollঅমিতাভ বচ্চনের বাড়ি থেকে দিলজিৎ দোসাঞ্জের অনুষ্ঠান! মুম্বইয়ে বোমা হামলার হুমকি ঘিরে...
Amitabh Bachchan

অমিতাভ বচ্চনের বাড়ি থেকে দিলজিৎ দোসাঞ্জের অনুষ্ঠান! মুম্বইয়ে বোমা হামলার হুমকি ঘিরে তীব্র আতঙ্ক

মুম্বইয়ের মেয়র ঋতু তাওড়ের দফতরে হুমকি মেল। নিশানায় অভিনেতার বাড়ি ‘জলসা’, দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট ও একাধিক স্কুল। নিরাপত্তা বাড়িয়ে তদন্তে নেমেছে পুলিশ।

ওয়েব ডেস্ক : মুম্বইয়ে একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় বোমা হামলার হুমকি ঘিরে নিরাপত্তা জোরদার করল পুলিশ। অভিনেতা অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) বাড়ি, গায়ক দিলজিৎ দোসাঞ্জের (Diljit Dosanjh) কনসার্টের স্থান এবং মুম্বইয়ের মেয়রের দফতরকে নিশানা করে হুমকি মেল পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এক আধিকারিক। শুক্রবার মেয়র ঋতু তাওড়ের দফতরে ওই ইমেল পৌঁছয়। এরপরই সতর্ক করা হয় নিরাপত্তা সংস্থাগুলিকে।

মুম্বইয়ের বৃহন্মুম্বই পুরনিগমের সদর দফতরে মেয়রের অফিসে তল্লাশি চালানো হয়। তবে সেখানে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রশাসন। হুমকি মেলটি উপমেয়র সঞ্জয় ঘাড়িকেও পাঠানো হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর।

পুলিশের দাবি, মেলে ৩১ অক্টোবর একটি স্কুলে গ্রেনেড হামলার হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি, ৩১ অক্টোবর থেকে ২৭ নভেম্বরের মধ্যে অমিতাভ বচ্চনের জুহুর বাড়ি ‘জলসা’য় হামলার হুমকিও রয়েছে। আগামী ২৭ নভেম্বর মহালক্ষ্মী রেসকোর্স এলাকায় দিলজিৎ দোসাঞ্জের কনসার্টেও হামলা হতে পারে বলে মেলে দাবি করা হয়েছে।

আরও খবর :  বিশ্রামে অমিতাভ বচ্চন! আপাতত লেখালেখিতে বিরতি, অভিনেতার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন অনুরাগীরা

ইমেলে খালিস্তান প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে। কে বা কারা এই মেল পাঠিয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ইমেলের উৎস শনাক্ত করার পাশাপাশি বিভিন্ন জায়গার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মেয়রের দফতর, মহালক্ষ্মী রেসকোর্স, শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং হুমকিতে উল্লেখ করা জায়গাগুলিতে নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। হুমকির পিছনে কারা রয়েছে, তা জানতে তদন্ত চালাচ্ছে নিরাপত্তা সংস্থাগুলি।

[youtube-feed feed=1]
Read More

Latest News