HomeBig newsঅরবিন্দ কেজরিওয়াল ও মেয়েকে খুনের হুমকি! ৭ কোটি টাকা মুক্তিপণ দাবি
Arvind Kejriwal

অরবিন্দ কেজরিওয়াল ও মেয়েকে খুনের হুমকি! ৭ কোটি টাকা মুক্তিপণ দাবি

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য পরিচয়ে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ। মহালিতে অভিযোগ দায়ের আপ বিধায়ক জার্নেল সিংয়ের।

ওয়েব ডেস্ক : আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) এবং তাঁর মেয়ে হর্ষিতা কেজরিওয়ালকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। অভিযোগ, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোন করে ৭ কোটি টাকা মুক্তিপণ দাবি করেছে। টাকা না দিলে বাবা ও মেয়েকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে খবর।

এই ঘটনায় সরাসরি পুলিশের দ্বারস্থ হয়েছেন আপ বিধায়ক জার্নেল সিং। দিল্লির তিলক নগর কেন্দ্রের বিধায়কের অভিযোগ, হুমকিদাতা তাঁকেও ফোন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে একাধিক বার ভয় দেখিয়েছে। গত ৬ নভেম্বর মহালির সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বা এসএসপির কাছে লিখিত অভিযোগ জমা দেন তিনি। সেখানে ওই ব্যক্তির বিরুদ্ধে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য পরিচয় দিয়ে হুমকি দেওয়ার অভিযোগ তোলা হয়েছে।

আরও খবর :  এবার ‘কামিকাজে ড্রোন’ হাতে পেতে চলেছে সিআরপিএফ! মণিপুর-কাশ্মীরে অভিযানে বাড়বে নজরদারি ও আঘাত হানার ক্ষমতা?

জার্নেল সিংয়ের অভিযোগের ভিত্তিতে মহালি পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা এবং তথ্যপ্রযুক্তি আইনের একাধিক ধারায় মামলা রুজু করেছে। ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সাইবার ক্রাইম থানার ইনস্পেক্টর সুনীল কুমারকে। পুলিশ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, হুমকির ঘটনায় ব্যবহৃত মোবাইল নম্বরের কল ডিটেলস, আইপি লগ এবং অবস্থান সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। এর মাধ্যমে অভিযুক্ত ব্যক্তির পরিচয় ও অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে।

পাশাপাশি কেজরিওয়াল এবং তাঁর পরিবারের নিরাপত্তা আরও জোরদার করার আবেদন জানিয়েছেন আপ বিধায়ক। তাঁর আশঙ্কা, হুমকির গুরুত্ব বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা জরুরি।

উল্লেখ্য, এর আগেও প্রাণনাশের হুমকি পেয়েছিলেন কেজরিওয়াল। ২০১৯ সালে দিল্লির মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর দফতরে খুনের হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছিল। সেই ঘটনায় মুখ্যমন্ত্রীর দফতরের তরফে অভিযোগ দায়ের করা হয় এবং তদন্ত শুরু করে দিল্লি পুলিশ। বর্তমান ঘটনায় তদন্ত চলছে। তবে হুমকির নেপথ্যে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশের তদন্তের পরেই এ বিষয়ে বিস্তারিত তথ্য সামনে আসতে পারে।

[youtube-feed feed=1]
Read More

Latest News