HomeScroll১২ বছরেও পুরভোট হয়নি হাওড়ায়! ১ ডিসেম্বর থেকে ওয়ার্ডে ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগের...
Suvendu Adhikari

১২ বছরেও পুরভোট হয়নি হাওড়ায়! ১ ডিসেম্বর থেকে ওয়ার্ডে ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগের ঘোষণা শুভেন্দুর

১২ বছর ধরে নির্বাচন না হওয়ায় নাগরিক পরিষেবা নিয়ে প্রশ্ন। বিরোধীদের বিরুদ্ধে ভোটে বাধা দেওয়ার অভিযোগ মুখ্যমন্ত্রীর।

ওয়েব ডেস্ক : হাওড়া (Howrah) পুরসভার নির্বাচন নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দীর্ঘ ১২ বছর ধরে পুরভোট না হওয়ায় শহরের বাসিন্দারা নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তাঁর। এই পরিস্থিতিতে আগামী ১ ডিসেম্বর থেকে হাওড়া পুরসভার বিভিন্ন ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগের সিদ্ধান্তের কথা জানালেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন না হলে বিকল্প প্রশাসনিক ব্যবস্থা হিসেবেই এই পদক্ষেপ করা হবে।

হাওড়ার কাজিপাড়ায় একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের বিরুদ্ধে নির্বাচন আটকে রাখার অভিযোগ তোলেন শুভেন্দু। তাঁর দাবি, পুরসভার সীমানা পুনর্বিন্যাস বা ডিলিমিটেশনের পর নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও বিরোধীরা আদালতের দ্বারস্থ হয়ে প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে। এই পরিস্থিতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, সরকারি আধিকারিকদের দিয়ে বছরের পর বছর পুরসভা পরিচালনা করা সম্ভব নয়। প্রশাসনিক কাজের ক্ষেত্রেও তাঁদের নির্দিষ্ট সীমাবদ্ধতা রয়েছে।

আরও খবর :  ভ্যাবলা স্টেশনে রেললাইনে ফাটল, অল্পের জন্য রক্ষা! এক ঘণ্টারও বেশি বন্ধ ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

কো-অর্ডিনেটর নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক অবস্থান নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, সরকারকে সমর্থন করেন এমন ব্যক্তিদেরই এই দায়িত্ব দেওয়া হবে। সরকারবিরোধী কাউকে ওই পদে বসানো হবে না বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, কলকাতা পুরসভার ২০৯টি ওয়ার্ডেও কো-অর্ডিনেটর নিয়োগের কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই পরিকল্পনায় সমর্থন জানিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। এবার একই পথে হাওড়া পুরসভাতেও কো-অর্ডিনেটর বসানোর কথা জানানো হল। তবে পুর নির্বাচন কবে হবে, তা নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি।

[youtube-feed feed=1]
Read More

Latest News