ওয়েব ডেস্ক : ভারতে আসতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের জন্য ভিসা ব্যবস্থায় বড়সড় সংস্কারের পথে হাঁটল কেন্দ্রীয় সরকার। ভিসার (VISA) মূল বিভাগ ১৩টি থেকে কমিয়ে ৯টি করা হচ্ছে। পাশাপাশি উপবিভাগের সংখ্যাও ৪৯ থেকে কমিয়ে ২৩ করা হয়েছে। পর্যটন, চিকিৎসা, পড়াশোনা, গবেষণা এবং ব্যবসার মতো বিভিন্ন ক্ষেত্রে বিদেশিদের ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করাই এই উদ্যোগের লক্ষ্য। শুধু বিভাগ কমানো নয়, আবেদনপত্রের ক্ষেত্রেও বড় পরিবর্তন আনছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নতুন ব্যবস্থায় ভিসার বিভিন্ন উপবিভাগের আবেদনপত্রে তথ্য পূরণের ঘর ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানো হচ্ছে।
এই সংস্কারের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল ট্যুরিস্ট ভিসার নাম বদলে ভিজিটর ভিসা করা। এর আওতায় শুধু ঘোরাফেরা নয়, স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, ওয়েলনেস রিট্রিট, যোগাভ্যাস এবং ভারতীয় ভাষা, সঙ্গীত, শিল্প ও হস্তশিল্প শেখার সুযোগও থাকছে। ভিজিটর ভিসাকে দু’টি ভাগে ভাগ করা হয়েছে। ভি-১ ভিসার মেয়াদ হবে ৩০ দিন এবং এতে একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে। অন্যদিকে ভি-২ ভিসা দেওয়া হবে যোগ্যতা অনুযায়ী এক বছর, পাঁচ বছর অথবা ১০ বছরের জন্য। এই ভিসায় আগের সুবিধাগুলির পাশাপাশি পর্বতারোহণের সুযোগও রাখা হয়েছে। পর্বতারোহণের জন্য ছ’মাসের পৃথক মাল্টিপল এন্ট্রি ব্যবস্থাও থাকছে।
আরও খবর : অরবিন্দ কেজরিওয়াল ও মেয়েকে খুনের হুমকি! ৭ কোটি টাকা মুক্তিপণ দাবি
চিকিৎসার জন্য ভারতে আসা বিদেশিদের ক্ষেত্রেও নিয়মে পরিবর্তন আনা হয়েছে। সাধারণ চিকিৎসার জন্য এম-১ এবং আয়ুষ পদ্ধতিতে চিকিৎসার জন্য এম-৩ ভিসা নির্ধারণ করা হয়েছে। দু’টি ক্ষেত্রেই সাধারণভাবে এক বছরের মেয়াদ এবং একাধিকবার প্রবেশের অনুমতি থাকবে। রোগীর সঙ্গে আসা ব্যক্তিদের জন্যও পৃথক ব্যবস্থা রয়েছে। এম-১ ভিসাধারীদের সঙ্গীদের জন্য এম-২ এবং এম-৩ ভিসাধারীদের সঙ্গীদের জন্য এম-৪ ভিসা দেওয়া হবে। কেন্দ্রের মতে, দীর্ঘমেয়াদি চিকিৎসা, একাধিকবার চিকিৎসকের পরামর্শ এবং পরবর্তী পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে এই নিয়ম বিদেশি রোগীদের সুবিধা দেবে। ‘হিল ইন ইন্ডিয়া’ উদ্যোগকেও এর মাধ্যমে আরও এগিয়ে নিয়ে যেতে চাইছে সরকার।
শিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও ভিসা কাঠামো নতুন করে সাজানো হয়েছে। স্টুডেন্ট ভিসাকে এস-১ এবং এস-২—এই দুই ভাগে ভাগ করা হয়েছে। স্কুল, স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পড়াশোনা এস-১-এর আওতায় থাকবে। অন্যদিকে পিএইচডি গবেষক, গবেষণার কাজে যুক্ত পড়ুয়া, অতিথি অধ্যাপক, বৈজ্ঞানিক অভিযান, ইন্টার্নশিপ এবং এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য থাকবে এস-২। ‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া বিদেশি পড়ুয়ারা সর্বোচ্চ পাঁচ বছর অথবা তাঁদের পাঠ্যক্রমের মেয়াদ অনুযায়ী ই-এস১ ভিসা পেতে পারেন। ব্যবসায়িক ভিসাকেও বি-১ ও বি-২—এই দুই ভাগে সাজানো হয়েছে। দীর্ঘমেয়াদি ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে বি-১ এবং স্বল্পমেয়াদি চুক্তিভিত্তিক কাজ, সম্মেলন, খেলাধুলো, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্রের শুটিংয়ের জন্য বি-২ প্রযোজ্য হবে। পাশাপাশি বিদেশি প্রযুক্তিবিদ ও বিশেষজ্ঞদের ভারতীয় সংস্থায় কাজের জন্য নতুন সুবিধা রাখা হয়েছে। বর্তমানে ১৭২টি দেশের নাগরিকদের জন্য ই-ভিসা পরিষেবা চালু রয়েছে। নতুন নিয়ম কার্যকর করতে প্রযুক্তিগত পরিকাঠামো পরিবর্তন করছে স্বরাষ্ট্র মন্ত্রক। ২০২৬ সালের শেষ নাগাদ সংশোধিত কাঠামোয় ভিসা দেওয়া শুরু হতে পারে বলে জানানো হয়েছে। নতুন ব্যবস্থায় ব্যবসা, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, পড়াশোনা, ভিজিটর এবং বিবিধ—এই ন’টি মূল বিভাগ থাকবে।






