ওয়েব ডেস্ক : মহিলা সংরক্ষণ আইন কার্যকর করার লক্ষ্যে ফের সংসদের বিশেষ অধিবেশন (Special Parliament Session ) ডাকার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। এমনটাই সূত্রের খবর। সংবিধান সংশোধনী বিল পাশ করাতে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী শাসক শিবির। সূত্রের খবর, লোকসভায় বিলটি ১৫ থেকে ১৮ ভোটের ব্যবধানে পাশ হতে পারে। তবে কবে এই অধিবেশন বসবে এবং কত দিন চলবে, তা এখনও স্পষ্ট নয়।
সংবিধান সংশোধনী বিল পাশ করাতে লোকসভায় দুই-তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন। বর্তমান সাংসদ সংখ্যার নিরিখে সেই লক্ষ্য পূরণ করতে দরকার ৩৬১টি ভোট। লোকসভার অনুমোদিত আসন সংখ্যা ৫৪৩। বর্তমানে তিনটি আসন খালি রয়েছে। প্রস্তাবিত সংশোধনীতে লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে সর্বোচ্চ ৮৫০ করার পরিকল্পনা রয়েছে। সীমানা পুনর্বিন্যাসের মাধ্যমে এই সম্প্রসারণ ঘটিয়ে সংসদ ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের পথ তৈরি করতে চাইছে কেন্দ্র।
আরও খবর : উত্তরপ্রদেশে নতুন রাজনৈতিক সমীকরণ, ওয়েসির সঙ্গে হাত মেলালেন চন্দ্রশেখর আজাদ
এর আগে গত ১৭ এপ্রিল বাজেট অধিবেশনের বিশেষ বৈঠকে একই ধরনের সংবিধান সংশোধনী বিল প্রয়োজনীয় সমর্থন পেতে ব্যর্থ হয়েছিল। সেই ধাক্কার পর এবার নতুন করে সংখ্যার সমীকরণ মেলানোর চেষ্টা চলছে। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই মহিলা সংরক্ষণ কার্যকর করার লক্ষ্য নিয়েছে সরকার। দক্ষিণের রাজ্যগুলির আসন কমে যাওয়ার আশঙ্কা দূর করতে সব রাজ্যেই লোকসভার আসন ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব বিবেচনায় রয়েছে। পাশাপাশি ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে রাজ্যগুলির মধ্যে আসনের বর্তমান অনুপাত বজায় রাখার বিষয়টিও ভাবা হচ্ছে। তবে কোনও প্রস্তাবেই এখনও চূড়ান্ত সিলমোহর পড়েনি।
বিশেষ অধিবেশন ঘিরে জল্পনা বাড়িয়েছে সংসদের বাদল অধিবেশনের বর্তমান পরিস্থিতি। গত ১৩ অগস্ট দুই কক্ষের বৈঠক মুলতুবি হলেও অধিবেশনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়নি। ফলে ৯১ দিন ধরে অধিবেশনটি আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়নি। ২০০৮ সালের ৮৭ দিনের রেকর্ডও ছাপিয়ে গিয়েছে এই সময়সীমা। চলতি অধিবেশনের মধ্যেই বর্ধিত বৈঠক ডাকতে অন্তত দু’দিনের নোটিস প্রয়োজন। নতুন অধিবেশন ডাকতে লাগে অন্তত ১৪ দিন। তবে অনির্দিষ্টকালের জন্য বৈঠক মুলতুবি থাকার পর কত দিনের মধ্যে অধিবেশন আনুষ্ঠানিকভাবে শেষ করতে হবে, সংবিধানে তার নির্দিষ্ট সময়সীমা নেই।







