ওয়েব ডেস্ক : ফের বোমা হামলার হুমকিতে তীব্র সতর্কতা মুম্বইয়ে (Mumbai)। বৃহস্পতিবার সকালে একটি হুমকি ইমেলে শহরের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরণের আশঙ্কা প্রকাশ করা হয়। তালিকায় রয়েছে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) জুহুর বাংলো ‘জলসা’, মুম্বইয়ের মেয়রের দফতর এবং ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর। পাশাপাশি কয়েকটি ব্যাঙ্ক, আদালত এবং মহালক্ষ্মী রেসকোর্সের নামও উল্লেখ করা হয়েছে। খবর পেয়েই সংশ্লিষ্ট এলাকাগুলিতে নিরাপত্তা বাড়ায় পুলিশ।
হুমকি পাওয়ার পর বম্ব ডিসপোজাল স্কোয়াড এবং নিরাপত্তাকর্মীরা ইমেলে উল্লেখ করা জায়গাগুলিতে তল্লাশি চালান। তবে এখনও পর্যন্ত কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি। কে বা কারা এই ইমেল পাঠিয়েছে, তার উৎস খুঁজে দেখছে পুলিশ। হুমকির সত্যতা যাচাইয়ের পাশাপাশি একাধিক বার্তা একই সূত্রে যুক্ত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
আরও খবর : গ্রিসে রাজকীয় বিয়ে, এবার আলোচনায় অনিরুদ্ধ-কাব্য সম্পত্তি ও সাফল্যের কাহিনি
অমিতাভের বাড়িকে ঘিরে এই ধরনের হুমকি অবশ্য নতুন নয়। গত ৬ নভেম্বরও তাঁর বাংলোর নাম উল্লেখ করে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। তার আগে ২৩ অক্টোবর পাঠানো একটি ইমেলে মেয়রের দফতর, অমিতাভের বাড়ি এবং গায়ক দিলজিৎ দোসাঞ্জের ২৭ নভেম্বরের মুম্বই কনসার্টের ভেন্যু মহালক্ষ্মী রেসকোর্সে হামলার আশঙ্কা জানানো হয়েছিল। এমনকি একটি স্কুলে গ্রেনেড হামলার হুমকিও ছিল সেই বার্তায়।
বারবার হুমকির জেরে অমিতাভের সঙ্গে অনুরাগীদের পরিচিত রবিবারের সাক্ষাতের আয়োজনেও বদল এসেছে। জুহুর ‘জলসা’র বাইরে ভক্তদের সঙ্গে দেখা করার সময় সম্প্রতি তাঁকে স্বচ্ছ বুলেটপ্রুফ আড়ালের পিছনে দাঁড়িয়ে হাত নাড়তে দেখা যায়। পাশে ছিলেন ছেলে অভিষেক বচ্চন এবং নিরাপত্তারক্ষীরা। পরে অবশ্য সেই আড়াল সরিয়েও অনুরাগীদের সঙ্গে দেখা করেন অভিনেতা।
মুম্বইয়ের বিনোদন জগতের কাছে এই ঘটনাগুলি অতীতের অন্ধকার অধ্যায়ের স্মৃতিও ফিরিয়ে আনছে। আশির ও নব্বইয়ের দশকে শহরের অপরাধচক্রের সঙ্গে বলিউডের একাংশের যোগ, তোলাবাজি এবং হুমকির ঘটনা বারবার সামনে এসেছিল। দাউদ ইব্রাহিম, ছোট শাকিল, ছোট রাজন ও আবু সালেমের মতো অপরাধীদের নাম সেই সময় আলোচনায় উঠে আসে। ছবির অর্থায়ন ও ব্যবসায় প্রভাব বিস্তারের অভিযোগও ছিল বিভিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে।
১৯৯৭ সালে টি-সিরিজের প্রতিষ্ঠাতা গুলশন কুমার খুন হন। একই বছরে পরিচালক রাজীব রাইয়ের উপর সশস্ত্র হামলা হয়। ২০০০ সালে হৃতিক রোশনের বাবা পরিচালক রাকেশ রোশনও গুলিবিদ্ধ হয়ে প্রাণে বেঁচে যান। সেই সময়ের একাধিক ঘটনা বলিউডের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছিল। আবার সেই একই পরিস্থিতি তৈরি হচ্ছে।







