HomeBig newsকুলগামে এনকাউন্টারে খতম লস্করের শীর্ষ কমান্ডার লতিফ ভাট, মসজিদের ভিতরে লুকিয়ে থেকেও...
Kulgam

কুলগামে এনকাউন্টারে খতম লস্করের শীর্ষ কমান্ডার লতিফ ভাট, মসজিদের ভিতরে লুকিয়ে থেকেও শেষরক্ষা হল না

আত্মসমর্পণের সুযোগ দিয়েছিল নিরাপত্তাবাহিনী, গুলি চালানোর পর পাল্টা জবাব; একাধিক নাশকতার অভিযোগ ছিল নিহত জঙ্গির বিরুদ্ধে

ওয়েব ডেস্ক : জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) কুলগামে (Kulgam) নিরাপত্তাবাহিনীর অভিযানে খতম লস্কর-ই-তৈবার অন্যতম মোস্ট ওয়ান্টেড জঙ্গি লতিফ ভাট। দক্ষিণ কাশ্মীরে সক্রিয় এই ২৩ বছর বয়সি জঙ্গি সংগঠনটির স্থানীয় কমান্ডার হিসেবে কাজ করত। নিরাপত্তা সংস্থার সূত্রের খবর, কাশ্মীর উপত্যকায় সক্রিয় স্থানীয় জঙ্গিদের মধ্যে সেই ছিল একমাত্র সদস্য।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযানের সময় কুলগামের একটি মসজিদের ভিতরে লুকিয়ে ছিল লতিফ। নিরাপত্তাবাহিনীর তরফে ভিডিও কলের মাধ্যমে তাকে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে সে। পুলিশের দাবি, রাত ২টো ৪৫ মিনিট নাগাদ নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় লতিফ। পাল্টা জবাব দেয় বাহিনী। তবে অভিযানের সময় মসজিদের কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত ছিল লতিফ। নিরাপত্তা সংস্থার তালিকায় সে ‘এ ক্যাটাগরি’র জঙ্গি হিসেবে চিহ্নিত ছিল। এই তালিকায় সাধারণত সক্রিয় এবং একাধিক হামলা ও নাশকতার সঙ্গে যুক্ত জঙ্গিদের রাখা হয়।

আরও খবর :  ভয়াবহ বাস দুর্ঘটনা উত্তরাখণ্ডে! সেতু থেকে ১০০ মিটার গভীর খাদে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত অন্তত ৪, আহত ২০

লস্করের হয়ে দক্ষিণ কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ পরিচালনার পাশাপাশি দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট -এর সঙ্গেও তার যোগাযোগ ছিল বলে অভিযোগ। লস্করের সহযোগী সংগঠন হিসেবে পরিচিত এই গোষ্ঠীর পাশাপাশি কাশ্মীর রেভলিউশনারি আর্মি-র সঙ্গেও তার যোগসূত্র ছিল। লতিফের বাড়ি দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায়। অষ্টম শ্রেণি পর্যন্ত ভান এলাকার একটি স্কুলে পড়াশোনা করে সে। পরে আশমুজির একটি স্কুল থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হয়। এরপর কুলগাম সরকারি ডিগ্রি কলেজে স্নাতক স্তরে ভর্তি হলেও পড়াশোনা শেষ করেনি। পরে কাঠমিস্ত্রির কাজ শুরু করে।

২০২৫ সালের ১৮ নভেম্বর বাড়ি থেকে নিখোঁজ হয়ে লস্কর-ই-তৈবায় যোগ দেয় সে। নিরাপত্তা সংস্থার দাবি, ওই সময় থেকেই একাধিক জঙ্গি কার্যকলাপে সক্রিয় ছিল লতিফ। ঠিক এক বছর পর ২০২৬ সালের ১৮ নভেম্বর এনকাউন্টারে তার মৃত্যু হল।

অনন্তনাগে গত ২২ জুলাই এক পুলিশ আধিকারিকের মৃত্যুর ঘটনায় লতিফের ভূমিকা খতিয়ে দেখছিল তদন্তকারী সংস্থাগুলি। পাশাপাশি ১ অগস্ট কুলগামে দুই পরিযায়ী শ্রমিককে হত্যার ঘটনায়ও তার নাম উঠে আসে। গত ১১ নভেম্বর কুলগামে সিআরপিএফের একটি চেকপোস্টে হামলার ঘটনায় তিনজন জওয়ান আহত হন। পুলিশের দাবি, ওই হামলার আগে লতিফ ও তার সহযোগী উমর নিসার দার ঘটনাস্থল ঘুরে দেখে। হামলার আগে ও পরে তাদের গতিবিধির সিসিটিভি ফুটেজও উদ্ধার করা হয়েছে।

পুলিশের আরও দাবি, স্থানীয় বাসিন্দা উমর গত পাঁচ থেকে ছয় মাস ধরে লতিফকে আশ্রয় ও অন্যান্য প্রয়োজনীয় সাহায্য দিয়ে আসছিল। ১৬ নভেম্বর কুলগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে উমরের মৃত্যু হয়। তবে সেদিন পালিয়ে যেতে সক্ষম হয়েছিল লতিফ। এরপরই তাকে ধরতে তল্লাশি অভিযান আরও জোরদার করা হয়।

এদিকে, লতিফের সঙ্গে পাকিস্তানে থাকা যোগাযোগকারীদের পরিচয় এবং তার সহযোগীদের খোঁজ চালাচ্ছে পুলিশ। কীভাবে তার হাতে অস্ত্র পৌঁছত, কারা তাকে আশ্রয় ও অন্যান্য সাহায্য দিত এবং দীর্ঘদিন ধরে কীভাবে নিরাপত্তাবাহিনীর নজর এড়িয়ে চলছিল, সেই বিষয়গুলিও তদন্ত করে দেখা হচ্ছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News