HomeScrollওড়িশা-অন্ধ্র উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, পরোক্ষ প্রভাবে দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে
Cyclone Akvan

ওড়িশা-অন্ধ্র উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, পরোক্ষ প্রভাবে দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে

ল্যান্ডফল শুরু, ঘণ্টায় ৭০-৮০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া! দক্ষিণ ২৪ পরগনা-সহ একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

ওয়েব ডেস্ক : ওড়িশা-অন্ধ্র উপকূলে শুরু হয়েছে ঘূর্ণিঝড় ‘আকভান’(Cyclone Akvan)-এর ল্যান্ডফল প্রক্রিয়া। সরাসরি বাংলায় আছড়ে না পড়লেও এই ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি। সুন্দরবন উপকূলে দমকা হাওয়ায় উত্তাল নদী ও সমুদ্র। পরিস্থিতির দিকে নজর রেখে সতর্ক প্রশাসন।

আবহাওয়া দফতর জানিয়েছে, গত ছয় ঘণ্টায় ঘণ্টায় প্রায় ২১ কিলোমিটার গতিবেগে এগিয়েছে ঘূর্ণিঝড়টি। গোপালপুর ও অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গাপত্তনম সংলগ্ন উপকূলের কাছে মূল অংশ স্থলভাগে প্রবেশ করতে শুরু করেছে। ল্যান্ডফল সম্পূর্ণ হতে আরও প্রায় দু’ঘণ্টা সময় লাগতে পারে। সন্ধ্যা ৬টার পর শক্তি হারিয়ে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে পূর্বাভাস।

আরও খবর : ভোর থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি, ‘আকভান’-এর প্রভাব বাড়ার আশঙ্কা! ৫ জেলায় কমলা সতর্কতা জারি

দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি, উত্তাল সুন্দরবন

ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার রাত থেকেই দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। সুন্দরবন উপকূলে দমকা হাওয়ার জেরে নদী ও সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কলকাতা ও হলদিয়া বন্দরে দেখানো হচ্ছে সতর্কতামূলক সংকেত। বকখালি ও গঙ্গাসাগরেও পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সৈকতে সমুদ্রস্নানের উপর নজরদারি চালাচ্ছে সিভিল ডিফেন্স। মাইক প্রচারের মাধ্যমে পর্যটকদের সতর্ক করা হচ্ছে।

কোন কোন জেলায় বৃষ্টির আশঙ্কা?

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২০ নভেম্বর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে।

বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির দাপট বেশি থাকার আশঙ্কা। আগামী ২১ নভেম্বর পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকতে পারে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি এবং বৃষ্টির পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। উপকূলবর্তী এলাকার বাসিন্দা ও পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News