ওয়েব ডেস্ক : ইনস্টাগ্রাম (Instagram) ব্যবহারকারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান। স্টোরি পোস্ট করার পর কোনও ভুল ধরা পড়লে এতদিন সেটি ডিলিট করে নতুন করে আপলোড করতে হত। এবার সেই ঝামেলা থেকে মুক্তি দিতে নতুন ফিচার আনছে মেটা। স্টোরি প্রকাশের পর ১৫ মিনিট পর্যন্ত সেটি সম্পাদনা করতে পারবেন ব্যবহারকারীরা। সবচেয়ে বড় বিষয়, এডিট করার জন্য স্টোরি মুছে ফেলতে হবে না। আগের ভিউ, লাইক ও রিপ্লাইও অক্ষত থাকবে।
১৫ মিনিটের মধ্যে কী কী বদলানো যাবে?
ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, নতুন ফিচারের মাধ্যমে স্টোরি পোস্ট করার পর ক্যাপশনের ভুল সংশোধন করা যাবে। বদলানো যাবে গানের নির্বাচনও। প্রয়োজনে সম্পূর্ণ ক্যাপশন পরিবর্তনের সুযোগ থাকবে। অর্থাৎ, কোনও ভুলের কারণে আর গোটা স্টোরি ডিলিট করে নতুন করে পোস্ট করার প্রয়োজন পড়বে না।
আরও খবর : ২৪ ঘণ্টারও বেশি সময় পর স্বাভাবিক মাইক্রোসফটের পরিষেবা, ফিরল আউটলুক ও টিমস
কীভাবে ব্যবহার করবেন নতুন ফিচার?
স্টোরি প্রকাশের পর সেটির ‘মোর’ মেনুতে যেতে হবে। সেখানে ‘এডিট স্টোরি’ অপশন নির্বাচন করলেই সম্পাদনার সুযোগ পাওয়া যাবে। তবে এই সুবিধা পাওয়া যাবে পোস্ট করার পর প্রথম ১৫ মিনিটের মধ্যেই। এডিট করা স্টোরিতে ‘Edited’ লেবেল দেখা যাবে। ফলে দর্শকরাও বুঝতে পারবেন যে পোস্টটি সম্পাদনা করা হয়েছে। নতুন সুবিধাটি ধাপে ধাপে ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।
স্টোরি তৈরির ক্ষেত্রেও বদল
শুধু এডিটিং নয়, স্টোরি তৈরির পদ্ধতিতেও কিছু পরিবর্তন আনছে ইনস্টাগ্রাম। এবার ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট-সহ আরও কিছু রঙের বিকল্প পাওয়া যাবে। পাশাপাশি একসঙ্গে একাধিক ছবি শেয়ার করা এবং সেগুলিকে সাজানোর প্রক্রিয়াও সহজ করা হচ্ছে। ইনস্টাগ্রামে সাধারণ পোস্ট প্রকাশের পর সম্পাদনার সুবিধা আগে থেকেই রয়েছে। এবার স্টোরির ক্ষেত্রেও সেই সুযোগ চালু হওয়ায় ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।







