ওয়েব ডেস্ক : ডিজে মামলায় ফের আইনি স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ বাড়িয়ে ২০২৭ সালের ২৯ জানুয়ারি পর্যন্ত করল আদালত। তবে শুনানিতে বিচার ব্যবস্থা নিয়ে অভিষেকের সাম্প্রতিক মন্তব্য নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। একইসঙ্গে রাজ্যকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শুনানিতে অভিষেকের মন্তব্য প্রসঙ্গে তাঁর আইনজীবীকে প্রশ্ন করেন বিচারপতি, “সাংসদের এই ধরণের মন্তব্যে মানুষের কাছে কী বার্তা যাচ্ছে?” এরপরই তিনি বলেন, “আপনার মক্কেল অকারণ সমস্যা বাড়াচ্ছেন।” বিচারপতির পর্যবেক্ষণ, “এই ধরণের মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক, যন্ত্রণাদায়ক।” গোটা ঘটনাকে অনভিপ্রেত বলেও উল্লেখ করে আদালত।
আরও খবর : ওড়িশা-অন্ধ্র উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, পরোক্ষ প্রভাবে দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে
উল্লেখ্য, কয়েক দিন আগেই বিচার ব্যবস্থা নিয়ে সরব হয়েছিলেন অভিষেক। তাঁর অভিযোগ ছিল, বিচার ব্যবস্থার একাংশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। সুপ্রিম কোর্ট ও হাই কোর্টের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।
এদিকে আদালতের পর্যবেক্ষণ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। তিনি বলেন, “আদালতের প্রতি সম্মান রেখেই বলছি, উনি বারবার এধরণের মন্তব্য করছেন, তারপর রক্ষাকবচও পাচ্ছেন, এতে ওনার সাহস বেড়ে যাচ্ছে।” মূলত, বিধানসভা নির্বাচনের আগে প্রচারে ডিজে বাজানো নিয়ে অভিষেকের মন্তব্যকে কেন্দ্র করেই এই মামলার সূত্রপাত। পরে মামলার তদন্তভার যায় সিআইডির হাতে। এর আগে অন্তর্বর্তী রক্ষাকবচ পাওয়ার পর সিআইডির তলবেও সাড়া দিয়েছিলেন তৃণমূল সাংসদ।







