HomeScrollদেড় হাজার পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ৩ লক্ষ কোটির ধাক্কা বিনিয়োগকারীদের! পতনের...
Stock Market Crash

দেড় হাজার পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ৩ লক্ষ কোটির ধাক্কা বিনিয়োগকারীদের! পতনের নেপথ্যে কী?

টানা চার সপ্তাহের উত্থানের পর সোমবার বড়সড় ধাক্কা খেল ভারতীয় শেয়ার বাজার। ব্যাঙ্কিং শেয়ারে বিক্রি, মুনাফা তুলে নেওয়ার প্রবণতা এবং আন্তর্জাতিক বাজারের উদ্বেগে তলানিতে নামল সূচক।

ওয়েব ডেস্ক : সপ্তাহের শুরুতেই শেয়ার বাজারে (Share Market) বড় পতন। সোমবার প্রথমদিকে ঊর্ধ্বমুখী থাকলেও বেলা বাড়তেই ছবিটা বদলে যায়। দিনের সর্বোচ্চ স্তর থেকে ১ হাজার ৬০০ পয়েন্টেরও বেশি নেমে যায় সেনসেক্স (Sensex)। অন্যদিকে, ২৫,৬০০-এর নিচে চলে যায় নিফটি ৫০। বেলা ১২টা ৪৫ মিনিটে সেনসেক্স ১,০০০ পয়েন্ট কমে দাঁড়ায় ৮২,৯৪২-এ। নিফটি (Nifty50) ৩১৩ পয়েন্ট নেমে পৌঁছয় ২৫,৫১৩-তে। এই পতনের জেরে বিনিয়োগকারীদের মোট বাজারমূল্য থেকে তিন লক্ষ কোটিরও বেশি টাকা উধাও হয়ে যায়।

বিএসই-র সেনসেক্সভুক্ত সংস্থাগুলির মোট বাজারমূল্য শুক্রবার বাজার বন্ধের সময় ছিল ৫,১৪,১৮,২৭৫ কোটি টাকা। সোমবার বেলা ১২টা ৪৫ মিনিটে তা কমে দাঁড়ায় ৫,১০,৮০,৩৩৯ কোটি টাকায়। সাম্প্রতিক সপ্তাহগুলিতে বাজারের ধারাবাহিক উত্থানের পর অনেক বিনিয়োগকারী মুনাফা তুলে নিতে শুরু করেছেন। টানা চার সপ্তাহ বৃদ্ধির পর এই প্রবণতাই বাজারে বিক্রির চাপ বাড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরও খবর :  বিয়ের মরশুমে সোনা কেনার বড় সুযোগ? একদিনে কমল ২২ ও ১৮ ক্যারেটের দাম, কত হল রুপোর দর কলকাতায়?

বিশেষজ্ঞরা মনে করছেন পতনের পিছনে বড় ভূমিকা রয়েছে ব্যাঙ্কিং শেয়ারগুলির। এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ বরোদার মতো সংস্থার শেয়ারে বিক্রির চাপ তৈরি হয়। ব্যাঙ্কিং স্টকের সূচক ব্যাঙ্ক নিফটিও তীব্রভাবে নেমে যায়।

পাশাপাশি আন্তর্জাতিক বাজারের পরিস্থিতিও বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে। মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে, এমন আশঙ্কায় বিশ্বজুড়ে বাজারের মনোভাব দুর্বল হয়েছে। ডলারের তুলনায় টাকার দুর্বলতাও বিনিয়োগকারীদের চিন্তা বাড়িয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে নিফটির ২৬,০০০ স্তর পেরোতে না পারা এবং বাজারে অতিরিক্ত কেনাকাটার ইঙ্গিত। তবে সোমবারের পতন সত্ত্বেও দীর্ঘমেয়াদে বাজারের সামগ্রিক প্রবণতা এখনও ইতিবাচক বলেই মনে করছেন বিশ্লেষকরা।

[youtube-feed feed=1]
Read More

Latest News