ওয়েব ডেস্ক : বলিউডের কিংবদন্তি অভিনেতা দেব আনন্দের বড় ছেলে সুনীল আনন্দ (Suneil Anand) প্রয়াত। মঙ্গলবার লন্ডনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা-প্রযোজক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। পরিবারের তরফে তাঁর ভাইঝি জিনা নারাং এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছেন।
জানা গিয়েছে, আমেরিকা থেকে ভারতে ফেরার পথে লন্ডনে হৃদরোগে আক্রান্ত হন সুনীল আনন্দ (Suneil Anand)। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা প্রাথমিক পরীক্ষার পর স্টেন্ট বসানোর প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু অস্ত্রোপচারের আগেই দ্বিতীয়বার হৃদরোগে আক্রান্ত হন তিনি। চিকিৎসকদের সব চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
আরও খবর : সলমনের আবেদনে সাড়া দিল দিল্লি হাইকোর্ট, ২৪ ঘণ্টার মধ্যে সরাতে হবে ‘কালা হিরণ’-এর টিজার
পরিবার সূত্রে জানা গেছে, যে হাসপাতালে সুনীল আনন্দের(Suneil Anand) মৃত্যু হয়েছে, কয়েক বছর আগে একই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তাঁর বাবা দেব আনন্দ। ঘটনাটিকে পরিবারের কাছে অত্যন্ত আবেগঘন বলে মনে করা হচ্ছে।
১৯৮৪ সালে বাবার পরিচালিত ‘আনন্দ অউর আনন্দ’ ছবির মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন সুনীল আনন্দ। পরে ‘কার থিফ’, ‘ম্যায় তেরে লিয়ে’ এবং ‘মাস্টার’-সহ একাধিক ছবিতে অভিনয় করেন। অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন নবকেতন ফিল্মসের কাজও দেখভাল করেছেন তিনি।







