Monday, February 9, 2026
HomeScrollকয়লা–বালি পাচার কাণ্ডে ভোরবেলা ঝটিকা অভিযানে ইডি!
ED

কয়লা–বালি পাচার কাণ্ডে ভোরবেলা ঝটিকা অভিযানে ইডি!

কলকাতা–দিল্লি–আসানসোল–দুর্গাপুরে একযোগে তল্লাশি ইডির

কলকাতা: বালি ও কয়লা পাচার মামলার (Smuggling Scam) তদন্তে ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি-ED)। মঙ্গলবার ভোর থেকেই কলকাতা (Kolkata), দুর্গাপুর (Durgapur), আসানসোল-সহ (Asansol) একাধিক জায়গায় শুরু হয়েছে তল্লাশি অভিযান। একই মামলার সূত্রে দিল্লির (Delhi) কয়েকটি ঠিকানাতেও চলছে ইডির হানা। তদন্তকারী দলের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।

ইডি সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ৬টা নাগাদ কলকাতা থেকে তিনটি গাড়িতে করে একটি দল পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় পৌঁছয়। এরপর জামুড়িয়া বাজার সংলগ্ন পাঞ্জাবি মোড় এলাকায় ব্যবসায়ী রমেশ বনসলের বাড়িতে তল্লাশি শুরু হয়। তাঁর দুই পুত্র সুমিত বনসল ও অমিত বনসলের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে।

আরও পড়ুন: চার জেলায় হলুদ সতর্কতা! কুয়াশায় ঢাকবে উত্তরবঙ্গ, ভরা মাঘেই বদলাচ্ছে আবহাওয়ার মেজাজ

শুধু বাড়ি নয়, জামুড়িয়ার পাঞ্জাবি মোড় এলাকায় একটি হার্ডওয়্যার দোকান ও গুদামেও তল্লাশি চালান ইডি আধিকারিকেরা। হাটতলা এলাকার বনসাল হার্ডওয়্যার দোকানও তদন্তের আওতায় এসেছে। এছাড়া বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের দুর্গাপুর সিটি সেন্টারের বাড়িতেও হানা দিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পান্ডবেশ্বরের নবগ্রাম ও দুর্গাপুরের আরও একটি ঠিকানায় চলছে তল্লাশি।

ইডি সূত্রের দাবি, বালি ও কয়লা পাচার মামলায় আর্থিক লেনদেনের যোগসূত্র খতিয়ে দেখতেই এই অভিযান। উল্লেখযোগ্যভাবে, ২০২০ সালে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)-এর বিভিন্ন খনি থেকে বেআইনি কয়লা উত্তোলন ও পাচার নিয়ে মামলা দায়ের হয়। সেই মামলায় ইসিএলের কয়েকজন প্রাক্তন কর্তা-সহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল।

সম্প্রতি কলকাতা সংলগ্ন এলাকায় নতুন করে কয়লা পাচার সংক্রান্ত মামলা দায়ের হয়েছে। সেই মামলার তদন্তেই নতুন করে তৎপর হয়েছে ইডি।

Read More

Latest News