কলকাতা: সপ্তাহান্তে ফের ভোগান্তির মুখে পড়তে চলেছেন নিত্যযাত্রীরা। ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য ১ ও ২ অগস্ট হাওড়া ডিভিশনে (Howrah Division) মোট আটটি লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল। দক্ষিণ পূর্ব রেল (South Eastern Railways) সূত্রে জানা গিয়েছে, ডানকুনি স্টেশন সংলগ্ন এলাকায় রেললাইনের রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেই কারণে ১ অগস্ট রাত সাড়ে ১০টা থেকে ২ অগস্ট ভোর সাড়ে ৪টে পর্যন্ত ট্রাফিক ব্লক থাকবে। এর জেরেই একাধিক লোকাল ট্রেন চলাচলে প্রভাব পড়বে।
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ অগস্ট হাওড়া থেকে ছাড়ার কথা থাকা ৩৭৮৪৯ ও ৩৬০৮৭ নম্বর লোকাল বাতিল করা হয়েছে। একই দিনে বারুইপাড়া থেকে ৩২৪১৪, শিয়ালদহ থেকে ৩২৪১৩, মসাগ্রাম থেকে ৩৬০৮৮ এবং বর্ধমান থেকে ৩৬৮৬০ নম্বর ট্রেনও চলবে না। ২ অগস্ট বাতিল করা হয়েছে হাওড়া থেকে ছাড়ার কথা থাকা ৩৬৮১১ এবং বর্ধমান থেকে ছাড়ার কথা থাকা ৩৬৮১২ নম্বর লোকাল।
আরও খবর : বারুইপুর এনকাউন্টারে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, হলফনামা চেয়ে জেলা পুলিশের রিপোর্ট তলব হাইকোর্টের
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে এবং ট্র্যাকের পরিকাঠামো উন্নত করার লক্ষ্যে এই রক্ষণাবেক্ষণের কাজ করা হচ্ছে। কয়েক দিন আগেই নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য হাওড়া ডিভিশনে রেল পরিষেবা ব্যাহত হয়েছিল। তার পর ফের ট্র্যাক মেরামতির কারণে সপ্তাহান্তে ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে শ্রাবণী মেলাকে কেন্দ্র করে তারকেশ্বর শাখার বিশেষ লোকাল পরিষেবাতেও আংশিক পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, হাওড়া থেকে তারকেশ্বরগামী বিশেষ ট্রেন শুধুমাত্র বালি ও শেওড়াফুলি স্টেশনে থামবে। শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত মাঝপথে আর কোনও স্টেশনে দাঁড়াবে না ট্রেনগুলি। তবে তারকেশ্বর থেকে হাওড়াগামী ডাউন লোকালগুলি আগের মতোই সমস্ত স্টেশনে থামবে বলে জানিয়েছে রেল।







