কলকাতা: প্রাক্তন কৃষিমন্ত্রী তথা বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু ঘিরে ক্রমশ বাড়ছে রাজনৈতিক চাপানউতোর। রবিবার তাঁর কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা চিঠিও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। সেই চিঠিতে নিজের রাজনৈতিক জীবন এবং দুর্নীতির সঙ্গে কোনও রকম যোগ না থাকার কথা উল্লেখ করেছিলেন আশিস। পাশাপাশি তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন নিগমের প্রসঙ্গও উঠে আসে।
এই পরিস্থিতিতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখেছেন ‘আসল তৃণমূল’-এর বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর আশঙ্কা, আশিসের মৃত্যুর নেপথ্যে তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন নিগম বা টিআরডিএ-র টেন্ডার সংক্রান্ত কোনও চাপ বা হুমকি ছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে ঋতব্রত দাবি করেছেন, টিআরডিএ-র টেন্ডারকে কেন্দ্র করে আশিস বন্দ্যোপাধ্যায় কোনও হুমকির মুখে পড়েছিলেন কি না, তদন্ত করে দেখা হোক। পাশাপাশি বিভিন্ন উন্নয়ন পর্ষদে দুর্নীতির অভিযোগেরও তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
আশিসের হাতে লেখা চিঠির কিছু বক্তব্য ঘিরেই ইতিমধ্যে নানা প্রশ্ন উঠেছে। সেখানে তিনি ছাত্রজীবন থেকে রাজনীতিতে থাকার কথা উল্লেখ করে দাবি করেছিলেন, কোনওদিন দুর্নীতির সঙ্গে জড়িত হননি এবং কোনও কাজের বিনিময়ে অর্থ নেননি। রাজনৈতিক মতবিরোধ থাকলেও তা কখনও ব্যক্তিগত শত্রুতার পর্যায়ে পৌঁছয়নি বলেও জানিয়েছিলেন তিনি।
এই পরিস্থিতিতে ঋতব্রতর চিঠি নতুন করে জল্পনা বাড়িয়েছে। তবে আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর সঙ্গে টিআরডিএ-র টেন্ডার বা কোনও দুর্নীতির সরাসরি যোগ রয়েছে কি না, তা এখনও প্রমাণিত নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।







