Homeলাইফস্টাইলকেমব্রিজে সিকি শতাব্দীর দুর্গাপূজা, ‘ব্যাক টু আওয়ার রুটস’ ভাবনায় বিলেতে উৎসবের মেজাজ
Cambridge Durga Puja 2026 Cambridge Durga Puja 2026

কেমব্রিজে সিকি শতাব্দীর দুর্গাপূজা, ‘ব্যাক টু আওয়ার রুটস’ ভাবনায় বিলেতে উৎসবের মেজাজ

রজত জয়ন্তী উৎসবে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকছেন কেমব্রিজের মেয়র

শরতের নীল আকাশ, হিমেল বাতাস আর কাশের দোল, প্রবাসে এসবের দেখা না মিললেও, মা দুর্গার আগমনে আনন্দ-উচ্ছ্বাসে কমতি নেই বিলেতের বুকেও। দেখতে দেখতে সিকি শতাব্দী পার। ২৫ বছরে পদার্পণ করল কেমব্রিজের ‘ইন্ডিয়ান কালচারাল সোসাইটি’ বা আইসিএস-এর ঐতিহ্যবাহী দুর্গাপূজা। এই বিশেষ রজত জয়ন্তী বর্ষে তাঁদের উৎসবের বিশেষ থিম হল ‘ব্যাক টু আওয়ার রুটস’ বা ‘শিকড়ের টানে’। আগামী ১৭ ও ১৮ অক্টোবর কেমব্রিজের ‘দ্য নেদারহল স্কুল’-এ অনুষ্ঠিত হতে চলেছে এই উৎসব।

২৫ বছর ধরে কেমব্রিজের সাংস্কৃতিক পরিচিতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে আইসিএস। প্রায় ১৫০টি বাঙালি তথা ভারতীয় পরিবারকে নিয়ে গড়ে ওঠা এই অলাভজনক সংস্থাটি শহরের বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে আজ একটি বিশাল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শহরের প্রাচীন ঐতিহ্য আর কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই পুজো কমিটির সম্পর্ক বেশ গভীর।

বিশ্ববিদ্যালয়ের বহু গবেষক, অধ্যাপক এবং ভারতীয় পড়ুয়ারা প্রতি বছর পুজোর দিনগুলোতে এক ছাদের তলায় মেলবন্ধন ঘটান।
এই পুজোর ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে এক অনন্য গল্প। প্রায় এক দশক আগে, যখন নতুন প্রতিমা আনা হয়, তখন পুরোনো দেবীপ্রতিমাটিকে বিসর্জন বা সাধারণ ঘরে তুলে না রেখে আইসিএস কর্তৃপক্ষ তা তুলে দেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত ‘মিউজিয়াম অব আর্কিওলজি অ্যান্ড অ্যানথ্রোপোলজি’-র হাতে। বর্তমানে মিউজিয়ামে সংরক্ষিত সেই প্রতিমাটি দর্শনার্থীদের কাছে ‘কেমব্রিজ গডেস’ বা ‘কেমব্রিজের দেবী’ নামে পরিচিত। এর মাধ্যমে বিশ্বমঞ্চে দক্ষিণ এশিয়ার সমৃদ্ধ ঐতিহ্য ও দেবী দুর্গার মাহাত্ম্য ফুটে উঠেছে দেশ-বিদেশের অগণিত দর্শকের সামনে।

চলতি বছরে রজত জয়ন্তী উদযাপনের আমেজ যেমন রয়েছে, তেমনই স্থানীয় সামাজিক ও আর্থিক কাঠামোর সঙ্গে মেলবন্ধনের এক অনন্য উদ্যোগও চোখে পড়ছে। কেমব্রিজ ছাড়াও হান্টিংডন, পিটারবরো, ক্যামবোর্ন, ইম্পিংটন ও সস্টনের মতো আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে ৪০টিরও বেশি স্থানীয় ব্যবসায়ী ও সংস্থা এই পুজোর স্পন্সরশিপ বা আর্থিক সহযোগিতায় এগিয়ে এসেছেন। উৎসবকে ঘিরে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে আইসিএস তাদের বার্ষিক স্মারক পত্রিকা ‘কথন’-এ চালু করেছে বিশেষ ‘ইয়েলো পেজেস’ বিভাগ। এর মাধ্যমে স্থানীয় পেশাদার ও নির্ভরযোগ্য সেবাগুলোকে ভারতীয় সম্প্রদায়ের বাসিন্দাদের কাছে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে।

এবারের রজত জয়ন্তী উৎসবে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকছেন কেমব্রিজের মেয়র কাউন্সিলর মারিয়া ক্লেমিনসন, ভারতীয় হাই কমিশনের প্রতিনিধি এবং স্থানীয় কাউন্সিলরবৃন্দ, যাঁরা দীর্ঘদিন ধরে ভারতীয় সমাজকে নানাভাবে সমর্থন জানিয়ে এসেছেন।
সংস্থার মূল মন্ত্র ‘সংহতিই শক্তি’ বা ‘ইউনিটি ইন ডাইভারসিটি’, আর এই বার্তা নিয়েই কেমব্রিজের পুজো এবার তৈরি হচ্ছে তার স্মরণীয় রূপোলি জয়ন্তী উদযাপনের জন্য। আনন্দ, উৎসব আর শিকড়ের টানে প্রবাসের বুকেও তাই এখন পুরোদমে উৎসবের সুর।

[youtube-feed feed=1]
Read More

Latest News