ওয়েব ডেস্ক : অপারেশন সিঁদুরের পর এই প্রথম পাকিস্তানের কোনও কেন্দ্রীয় মন্ত্রী ভারত সফরে এলেন। সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) বৈঠকে যোগ দিতে শুক্রবার সকালে নয়াদিল্লিতে পৌঁছেছেন পাকিস্তানের পরিবেশ ও জলবায়ুমন্ত্রী মুসাদ্দিক মালিক। ২০ থেকে ২২ নভেম্বর পর্যন্ত দিল্লিতে চলবে এই বৈঠক। তবে তাঁর এই সফর ঘিরে কূটনৈতিক মহলের পাশাপাশি দেশের রাজনৈতিক মহলেও শুরু হয়েছে বিতর্ক।
পাকমন্ত্রীর ভারত সফর নিয়ে কেন্দ্রকে নিশানা করেছে বিরোধীরা। সমাজবাদী পার্টির নেতা ফখরুল হাসান চাঁদের বক্তব্য, বিজেপি বরাবর বলে এসেছে সন্ত্রাসবাদ ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। অথচ এখন পাকিস্তানের একজন মন্ত্রী এসসিও বৈঠকে যোগ দিতে ভারতে আসছেন। কংগ্রেস নেতা সুরেন্দ্র রাজপুতও কেন্দ্রের বিদেশনীতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর অভিযোগ, পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বললেও বাস্তবে সেই নীতি মেনে চলছে না কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে কাজ করছেন বলেও দাবি করেন তিনি।
আরও খবর : আকভানের আশঙ্কায় রেল পরিষেবায় কাটছাঁট, বাতিল হাওড়া-পুরী বন্দে ভারত-সহ একাধিক ট্রেন
কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি মুসাদ্দিকের আগের মন্তব্যের প্রসঙ্গ তুলে সরব হয়েছেন। সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্তের পর ভারতকে হুঁশিয়ারি দিয়ে মুসাদ্দিক বলেছিলেন, “যে আমাদের জল স্পর্শ করবে, তার হাত কেটে দেওয়া হবে।” এই মন্তব্যের উল্লেখ করে প্রমোদ তিওয়ারির দাবি, অপারেশন সিঁদুরের সময় মুসাদ্দিকের ভাষা কোনও মন্ত্রীর মতো ছিল না। এনসিপি (শরদ পওয়ার) নেতা ক্লাইড ক্র্যাস্টোরও প্রশ্ন তুলেছেন, কেন পাকিস্তানের কোনও মন্ত্রীকে ভারতে আসতে দেওয়া হচ্ছে। অন্যদিকে, মুসাদ্দিক জানিয়েছেন, তাঁর এই সফর কোনও দ্বিপাক্ষিক আলোচনা নয়।
২০২৩ সালে গোয়ায় এসসিও বৈঠকে যোগ দিয়েছিলেন পাকিস্তানের তৎকালীন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। তার পর এই প্রথম পাকিস্তানের কোনও কেন্দ্রীয় মন্ত্রী ভারতে এলেন। উল্লেখ্য, পহেলগাঁও হামলার পর সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ভারত। চলতি বছরের অক্টোবর মাসে এসসিও বৈঠকে যোগ দিতে পাকিস্তানের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতিমন্ত্রী আওরঙ্গজেব খান খিচিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। পরে তাঁর পরিবর্তে মুসাদ্দিক মালিককে পাঠানোর সিদ্ধান্ত নেয় ইসলামাবাদ। ভারতের উদ্যোগে আয়োজিত ‘সিভিলাইজেশনাল ডায়ালগ ফোরাম’-এর উদ্বোধন শুক্রবার সন্ধ্যায় করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।







