Homeরাজ্যডিসেম্বর থেকে ধানে চাষিদের বর্ধিত দাম দেবে রাজ্য, রেজিস্ট্রেশন কবে থেকে?
West Bengal Government

ডিসেম্বর থেকে ধানে চাষিদের বর্ধিত দাম দেবে রাজ্য, রেজিস্ট্রেশন কবে থেকে?

চলতি খরিফ মরশুমে আগামী ১ ডিসেম্বর থেকে রাজ্যে সরকারি উদ্যোগে ধান কেনা শুরু হচ্ছে।

দেবাশিস সেনগুপ্ত: চলতি খরিফ মরশুমে আগামী ১ ডিসেম্বর থেকে রাজ্যে সরকারি উদ্যোগে ধান কেনা শুরু হচ্ছে। কেন্দ্র নির্ধারিত ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) ২,৪৪১ টাকার সঙ্গে চাষিদের জন্য কুইন্টাল পিছু আরও ২০০ টাকা দেবে রাজ্য সরকার। ফলে সরকারি ক্রয়কেন্দ্রে ধান বিক্রি করে প্রতি কুইন্টালে মোট ২,৬৪১ টাকা পাবেন চাষিরা। ২০২৬-২৭ খরিফ মরশুমে ধান সংগ্রহের বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে খাদ্য দপ্তর।

নির্দেশিকা অনুযায়ী, ‘প্রধানমন্ত্রী কিষান নিধি’ এবং রাজ্য সরকারের ‘নতুন কৃষক বন্ধু’ প্রকল্পে নথিভুক্ত চাষিরাই সরকারি সংস্থার কাছে ধান বিক্রির ক্ষেত্রে প্রাথমিকভাবে সুযোগ পাবেন। এজন্য কৃষি দপ্তর জেলাভিত্তিক চাষিদের তালিকা তৈরি করে নির্দিষ্ট পোর্টালে আপলোড করবে। তবে ওই দুই প্রকল্পের আওতায় থাকা কোনও চাষির নাম তালিকায় না থাকলেও তিনি সরকারি ব্যবস্থায় ধান বিক্রির সুযোগ থেকে বঞ্চিত হবেন না। সেক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন করেই ধান বিক্রি করা যাবে।

আরও পড়ুন: পুজোর আগে হোমগার্ড স্বেচ্ছাসেবক ও অফিসারদের ডিউটি অ্যালাউন্স বাড়াবে রাজ্য

আগামী ১ নভেম্বর থেকে চাষিদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে। রেজিস্ট্রেশনের পর জমির পরিমাণ-সহ প্রয়োজনীয় তথ্য যাচাই করা হবে। সেই যাচাইয়ের ভিত্তিতেই সরকারি সংস্থার কাছে চাষির কাছ থেকে ধান কেনার পরিমাণ নির্ধারিত হবে।

খাদ্য দপ্তরের নির্দেশিকায় এ বার সরকারি উদ্যোগে মোট ২৪ লক্ষ ৬৬ হাজার টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। একজন চাষি একবারে অথবা একাধিক দফা মিলিয়ে সর্বাধিক ৪৫ কুইন্টাল ধান সরকারি ব্যবস্থায় বিক্রি করতে পারবেন। অর্থাৎ নির্ধারিত সীমার মধ্যে যতটা ধান বিক্রি করবেন, প্রতি কুইন্টালে ২,৬৪১ টাকা হারে তার মূল্য পাবেন।

ধান সংগ্রহের আগে জমির পরিমাণ যাচাইয়ের উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নির্দেশিকায়। অর্থাৎ কোনও চাষি কতটা জমিতে ধান চাষ করেছেন, সেই তথ্য যাচাই করেই তাঁর কাছ থেকে ধান কেনার পরিমাণ নির্ধারণ করা হবে। এর ফলে নথিভুক্ত জমির তুলনায় অতিরিক্ত ধান সরকারি ব্যবস্থায় বিক্রির সুযোগ থাকবে না।

১ নভেম্বর থেকে রেজিস্ট্রেশন এবং ১ ডিসেম্বর থেকে ধান কেনা শুরু হওয়ায় কথায়, ইতিমধ্যেই জেলা স্তরে প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছে খাদ্য দপ্তর। কৃষি দপ্তরের তালিকা তৈরি, পোর্টালে তথ্য আপলোড, চাষিদের রেজিস্ট্রেশন এবং জমির তথ্য যাচাই, এই একাধিক ধাপের পর শুরু হবে মূল ধান সংগ্রহের কাজ।

[youtube-feed feed=1]
Read More

Latest News