দেবাশিস সেনগুপ্ত: অন্নপূর্ণা যোজনা এবং বিধবা ভাতা, দুটি প্রকল্পের সুবিধা একসঙ্গে আর মিলবে না। বর্তমানে যাঁরা একই সঙ্গে দুই প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাঁদের এবার যে কোনও একটি প্রকল্প বেছে নিতে হবে। এই মর্মে কলকাতা পুরসভা এবং সব জেলার জেলাশাসকদের নির্দেশিকা পাঠিয়েছে নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দপ্তর।
দপ্তরের নির্দেশ অনুযায়ী, বর্তমানে বিধবা ভাতার পাশাপাশি অন্নপূর্ণা যোজনার সুবিধা নেওয়া মহিলাদের কাছ থেকে লিখিত সম্মতিপত্র নিতে হবে। নির্দিষ্ট ফর্মে তাঁদের জানাতে হবে, তাঁরা মাসে ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা যোজনার সুবিধা নেবেন, নাকি ১,৫০০ টাকার বিধবা ভাতা চালিয়ে যেতে চান। অর্থাৎ, একই সঙ্গে দুই প্রকল্পের সুবিধা নেওয়ার সুযোগ আর থাকছে না।
আরও পড়ুন: ডিসেম্বর থেকে ধানে চাষিদের বর্ধিত দাম দেবে রাজ্য, রেজিস্ট্রেশন কবে থেকে?
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, একই সঙ্গে দুই প্রকল্পের সুবিধা নেওয়া উপভোক্তাদের তালিকা ইতিমধ্যেই ‘সমর্থ’ পোর্টালে আপলোড করা হয়েছে। সংশ্লিষ্ট উপভোক্তাদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের পছন্দের প্রকল্প সম্পর্কে লিখিত সম্মতি সংগ্রহ করতে বলা হয়েছে। এরপর সেই সম্মতিপত্র নির্দিষ্ট প্রক্রিয়ায় পোর্টালে আপলোড করতে হবে।
এই কাজের জন্য ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে দপ্তর। কলকাতা পুরসভা এবং জেলা প্রশাসনকে নির্ধারিত সময়ের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
ফলে দুই প্রকল্পের সুবিধা নেওয়া, বিধবা ভাতা প্রাপকদের সামনে এখন কার্যত দু’টি বিকল্প, ৩,০০০ টাকার অন্নপূর্ণা যোজনা অথবা ১,৫০০ টাকার বিধবা ভাতা। নির্দিষ্ট ফর্মে সম্মতি নেওয়ার পর সেই অনুযায়ী সংশ্লিষ্ট সুবিধাভোগীর প্রকল্পের সুবিধা চালু রাখার ব্যবস্থা করবে প্রশাসন।







