কলকাতা: সকাল থেকে চড়া রোদ, সেই সঙ্গে হাঁসফাঁস গরম আর অস্বস্তি দক্ষিণবঙ্গ জুড়ে। তীব্র গরমে প্রাণ ওষ্ঠাগত বঙ্গবাসীর। কাঠফাটা গরমে হল প্রথম দফার ভোট। সকাল থেকে লাইন দিয়ে, ১৬টি জেলায় ৯০ শতাংশের বেশি মানুষ ভোট দিয়েছেন। ২৯ এপ্রিল বাংলার দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে।তার আগে কি কিছুটা স্বস্তি দেবে আবহাওয়া? এমন প্রশ্ন ঘরছে সকলের মনে। সপ্তাহান্তে এই প্যাচপেচে গরম থেকে মিলবে রেহাই। কলকাতা (Kalbaisakhi Kolkata)-সহ দক্ষিণবঙ্গ জুড়ে আছড়ে পড়বে কালবৈশাখী (Kalbaisakhi)। কোথাও কোথাও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড়ের সতর্কতা রয়েছে। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝড়ের কারণে কমবে তাপমাত্রা। উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি (Thunderstorm Rain Activities) আপাতত চলবে।
আলিপুর আবহাওয়া দফতর বলছে, আপাতত গরম না কমলেও আগামী কয়েকদিনের মধ্যে মিলবে স্বস্তি। রয়েছে ঝড়-বৃষ্টি পূর্বাভাস।শনিবার থেকেই দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত ভাবে কালবৈশাখী শুরু হবে। তবে পশ্চিমের কয়েক জেলায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার জন্যও সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঝড়বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। হালকা বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে আবার তীব্র গরমের সতর্কতাও জারি করা হয়েছে।রবিবার থেকে বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে।
আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিয়ে বিস্ফোরক মোদি, মোদির শিষ্টাচার নিয়ে প্রশ্ন তুললেন মমতা
২৬ এপ্রিল রবিবার পরিস্থিতি আরও তীব্র হতে পারে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও বাঁকুড়ায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যান্য জেলাতেও ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেখানে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড়ের পূর্বাভাস রয়েছে। কলকাতা-সব বাকি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। ২৭ এপ্রিল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূমসহ একাধিক জেলায় প্রবল ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকাতে পারে। আগামী বুধবার দক্ষিণবঙ্গের ১৪২টি আসনে ভোট। ওই দিনও কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সতর্কতা। তবে জেলার সব জায়গায় ঝড়বৃষ্টি হবে না। সমুদ্রে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইতে পারে। সে কারণে আগামী রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ২৩ এপ্রিল থেকেই বজ্রঝড় শুরু হতে পারে। বিশেষ করে ২৫ ও ২৬ এপ্রিল ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা স্থানীয়ভাবে জল জমার পরিস্থিতি তৈরি করতে পারে।সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। রবি এবং সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে।







