ওয়েব ডেস্ক: সমাজকর্মী সোনম ওয়াংচুক (Sonam Wangchuk) ২৬ দিনের অনশন প্রত্যাহার করলেও নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনের পথ থেকে সরছে না ‘ককরোচ জনতা পার্টি’ (Cockroach Janta Party)। সংগঠনের স্পষ্ট ঘোষণা, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) পদত্যাগ না করা পর্যন্ত যন্তর মন্তরে শান্তিপূর্ণ বিক্ষোভ চলবে।
গত ৩৫ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে প্রশ্নফাঁস, শিক্ষাব্যবস্থার সংস্কার এবং ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অবস্থান বিক্ষোভ চালিয়ে আসছে সিজেপি। এই আন্দোলনে যোগ দিয়ে আমরণ অনশন শুরু করেছিলেন সোনম ওয়াংচুক। বৃহস্পতিবার গভীর রাতে কেন্দ্রের আশ্বাসের ভিত্তিতে তিনি অনশন ভাঙলেও আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় সংগঠন।
আরও পড়ুন: ঝোড়ো হাওয়ার সঙ্গে দফায় দফায় বৃষ্টি দক্ষিণবঙ্গে, ১১ জেলায় জারি হলুদ সতর্কতা!
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ বলেন, সোনম ওয়াংচুকের অনশন প্রত্যাহারের সিদ্ধান্তকে তাঁরা স্বাগত জানাচ্ছেন। তাঁর কথায়, নিজের জীবন বাজি রেখে দেশের ছাত্রসমাজের দাবি জাতীয় স্তরে পৌঁছে দিয়েছেন সোনম। তবে আন্দোলনের মূল দাবি এখনও পূরণ হয়নি। তাই প্রতিবাদ কর্মসূচি আগের মতোই চলবে।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্নফাঁসের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের উদ্যোগ এবং কঠোর আইন আনার আশ্বাস দিয়েছেন। কেন্দ্রের এই পদক্ষেপকে ইতিবাচক বলে মনে করা হলেও ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আপস করতে নারাজ আন্দোলনকারীরা।
সূত্রের খবর, শুক্রবার কেন্দ্রীয় প্রতিনিধিদের সঙ্গে সিজেপির একটি উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই বৈঠকে আন্দোলনকারীদের দাবিদাওয়া এবং সরকারের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হতে পারে। বৈঠকের ফলাফলের উপর আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি অনেকটাই নির্ভর করবে বলে রাজনৈতিক মহলের ধারণা।







