HomeScrollদূষণে হাঁসফাঁস দিল্লি, বায়ুর মান খারাপ হতেই জারি প্রথম দফার বিধিনিষেধ
Delhi

দূষণে হাঁসফাঁস দিল্লি, বায়ুর মান খারাপ হতেই জারি প্রথম দফার বিধিনিষেধ

দশেরার পরেই বাড়ল দূষণ, ২৪৪-এ পৌঁছল বায়ুর গুণমান সূচক, শীতের আগে বাড়তি সতর্কতা প্রশাসনের

ওয়েব ডেস্ক : উৎসবের রেশ কাটতে না কাটতেই দূষণের (Pollution) চাদরে ঢাকতে শুরু করেছে দিল্লি (Delhi)। বায়ুর গুণমান ‘খারাপ’ পর্যায়ে পৌঁছতেই বুধবার দিল্লিতে প্রথম দফার দূষণ নিয়ন্ত্রণ বিধি কার্যকর করল বায়ুর গুণমান পরিচালন কমিশন। শীতের মরসুমে দূষণ আরও বাড়ার আশঙ্কার মধ্যেই এই পদক্ষেপ। প্রতিবেশী রাজ্যগুলিতে খড় পোড়ানো এবং আবহাওয়ার এমন পরিস্থিতি, যেখানে বাতাসে দূষিত কণা আটকে থাকতে পারে, তা নিয়ে উদ্বেগ রয়েছে প্রশাসনের।

কমিশনের তথ্য অনুযায়ী, ২১ অক্টোবর দুপুর ২টোয় দিল্লির বায়ুর গুণমান সূচক বা একিউআই পৌঁছয় ২৪৪-এ। আগের দিন এই সূচক ছিল ১৭৯, যা ‘মাঝারি’ পর্যায়ের মধ্যে পড়ে। নতুন পরিসংখ্যান সামনে আসার পরই গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান বা গ্র্যাপের প্রথম পর্যায়ের বিধিনিষেধ কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও খবর : ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় সাইবার হানা, ডার্ক ওয়েবে ফাঁস ৩,৮৯৭ গ্রাহকের ব্যক্তিগত তথ্য!

প্রথম পর্যায়ের নিয়ম অনুযায়ী, হোটেল, রেস্তরাঁ এবং খোলা জায়গার খাবারের দোকানে তন্দুরে কয়লা ও কাঠের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ডিজেল জেনারেটরের ব্যবহারেও বিধিনিষেধ রয়েছে। দিল্লির পাশাপাশি হরিয়ানা, উত্তরপ্রদেশ ও রাজস্থানের জাতীয় রাজধানী অঞ্চলের সংশ্লিষ্ট এলাকাগুলিতেও এই নির্দেশ কার্যকর হবে। দূষণের পরিস্থিতির উপর নজর রেখে পরবর্তী পদক্ষেপ স্থির করবে কমিশন।

গ্র্যাপের প্রথম পর্যায় কার্যকর হয় একিউআই ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে। দূষণের মাত্রা আরও বাড়লে পরবর্তী পর্যায়ে আরও কঠোর বিধিনিষেধ চালু করা হতে পারে। সংশ্লিষ্ট সংস্থাগুলিকে অবিলম্বে নির্দেশ কার্যকর করার পাশাপাশি পরিস্থিতির উপর কড়া নজর রাখার কথা বলা হয়েছে। সাধারণ মানুষকেও দূষণ নিয়ন্ত্রণে নির্ধারিত নিয়ম মেনে চলার আবেদন জানানো হয়েছে।

এদিকে, আগামী ১ নভেম্বর থেকে দিল্লিতে শীতকালীন দূষণ নিয়ন্ত্রণ পরিকল্পনা কার্যকর হওয়ার কথা। গাড়ির ধোঁয়া, নির্মাণকাজের ধুলো, শিল্পক্ষেত্রের দূষণ-সহ একাধিক উৎসকে নিয়ন্ত্রণে আনার লক্ষ্য রয়েছে এই পরিকল্পনায়। বৈধ দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র বা পিইউসি না থাকলে জ্বালানি না দেওয়ার নীতিও ঘোষণা করেছে দিল্লি সরকার।

এ ছাড়া দিল্লির বাইরে নথিভুক্ত বিএস-৬ মান পূরণ করে না, এমন গাড়ির প্রবেশের ক্ষেত্রেও ১ নভেম্বর থেকে বিধিনিষেধের কথা জানানো হয়েছে। তবে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ছাড় থাকবে। সরকারি পরিকল্পনায় সপ্তাহে কাজের ৫০ শতাংশ বাড়ি থেকে করার ব্যবস্থা, নির্মাণকাজে নিয়ন্ত্রণ, ধুলো পর্যবেক্ষণ জোরদার এবং যন্ত্রের সাহায্যে রাস্তা পরিষ্কারের মতো পদক্ষেপও রয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News