ওয়েব ডেস্ক : নির্বাচন কমিশনের (Election Commission of India) অন্দরমহলে কাজের দায়িত্ব বণ্টন নিয়ে বিতর্ক। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে না লিখে গত ২৯ জুলাই ক্যাবিনেট সচিবকে চিঠি পাঠিয়েছিলেন দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী। আরটিআই বা তথ্যের অধিকার আইনে (RTI) পাওয়া জবাবে চিঠি দু’টির অস্তিত্ব এবং সেগুলি কেন্দ্রীয় সরকারের দফতরে পৌঁছনোর তথ্য সামনে এসেছে। বুধবার ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত একটি প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। তবে চিঠিতে ঠিক কী অভিযোগ করা হয়েছিল, তা এখনও প্রকাশ করা হয়নি।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর দায়ের করা আরটিআই আবেদনের জবাব দেয় ক্যাবিনেট সচিবালয়। ১৯ অক্টোবরের সেই জবাবে জানানো হয়েছে, দুই নির্বাচন কমিশনারের পাঠানো চিঠি সচিবালয়ে পৌঁছেছিল। ৩০ জুলাই চিঠি দু’টি নথিভুক্ত করা হয়। পরে ৫ আগস্ট ক্যাবিনেট সচিব সেগুলি কর্মিবর্গ ও প্রশিক্ষণ দফতর এবং মুখ্য নির্বাচন কমিশনারের দফতরে পাঠান।
আরও খবর : মুম্বইয়ের কলেজ হস্টেলে মৃত্যু হল ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার
তবে চিঠির বিষয়বস্তু জানতে এখনও অপেক্ষা করতে হচ্ছে। ক্যাবিনেট সচিবালয় মোট ১৪ পৃষ্ঠার নথিপত্র— যার মধ্যে কমিশনারদের ১০ পৃষ্ঠার চিঠি, দুই পৃষ্ঠার উত্তরপত্র এবং দুই পৃষ্ঠার ফাইল নোট রয়েছে। নিয়ম অনুযায়ী ২৮ টাকা ফি পরিশোধ করলে তা প্রকাশ আনা হবে।
কেন ক্যাবিনেট সচিবকে চিঠি লিখেছিলেন দুই নির্বাচন কমিশনার? বিতর্কের সূত্রপাত ২৮ জুলাইয়ের একটি কাজ বণ্টন সংক্রান্ত নির্দেশকে ঘিরে। প্রতিবেদন অনুযায়ী, ওই নির্দেশ নিয়ে আপত্তি জানিয়ে দুই কমিশনার ক্যাবিনেট সচিবকে চিঠি লেখেন। তাঁদের অভিযোগ ছিল, নতুন দায়িত্ব বণ্টনের ফলে নির্বাচনী তালিকার তথ্যপ্রযুক্তি ব্যবস্থার উপর নজরদারির কাঠামোয় পরিবর্তন এসেছে এবং বিষয়টি তাঁদের অজান্তেই করা হয়েছে। পরে ওই কাজ বণ্টনের নির্দেশ প্রত্যাহার করা হয় বলে জানানো হয়েছে।
তবে এই বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্যও সামনে এসেছে। ২৬ সেপ্টেম্বর প্রকাশিত বিবৃতিতে কমিশন জানায়, ক্যাবিনেট সচিবকে পাঠানো চিঠিটি কমিশনের নীতি বা তথ্যপ্রযুক্তি বিভাগের কোনও নীতিগত বিষয় নিয়ে ছিল না। বরং নির্বাচন কমিশনে ডেপুটেশনে কর্মরত এক আধিকারিকের কাজকর্ম নিয়ে ছিল। কমিশনের দাবি, দুই কমিশনারের নির্দেশের পর সংশ্লিষ্ট আধিকারিকের কাজ বণ্টনের নির্দেশ বাস্তবায়িত হয়নি। তথ্যপ্রযুক্তি বিভাগের উপর নজরদারিও প্রত্যাহার করা হয়নি।
আরটিআইয়ের জবাব থেকে আপাতত নিশ্চিত হয়েছে, চিঠি দু’টি পাঠানো হয়েছিল, কখন সেগুলি পৌঁছেছিল এবং পরে কোন দফতরে পাঠানো হয়েছিল। কিন্তু চিঠিতে ঠিক কী বলা হয়েছিল, তা জানার জন্য নথি হাতে পাওয়ার অপেক্ষা রয়েছে। ২৮ টাকা ফি জমা দিয়ে নথি সংগ্রহের পর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।







