ওয়েব ডেস্ক : প্রয়াত বলিউডের পরিচিত পরিচালক ও প্রযোজক সঞ্জয় গুপ্ত (Sanjay Gupta)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। জানা গিয়েছে, ৩০ অক্টোবর অর্থাৎ শুক্রবার দুএপুর আড়াইটে নাগাদ বাড়ির রান্নাঘরে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পান পরিচালক। সেই সময় বাড়িতে তাঁর স্ত্রী ও দুই ছেলেও উপস্থিত ছিলেন। তবে প্রথমে দুর্ঘটনার বিষয়টি কেউ বুঝতে পারেননি। কীভাবে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে পরিবারের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।
পরিচালক হিসেবে সঞ্জয় গুপ্ত’র কেরিয়ার কয়েক দশকের। অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে তাঁর জুটি বিশেষভাবে জনপ্রিয় ছিল। ‘কাঁটে’ (২০০২), ‘মুসাফির’ (২০০৪), ‘জিন্দা’ (২০০৬) এবং ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’ (২০০৭) তাঁদের উল্লেখযোগ্য কাজ। ১৯৯১ সালের লোখান্ডওয়ালার ঘটনা অবলম্বনে তৈরি হয়েছিল ছবিটি। পরিচালনার পাশাপাশি প্রযোজনা ও চিত্রনাট্য রচনার দায়িত্বও সামলেছিলেন সঞ্জয়। পরবর্তীতে ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ ছবিতেও বাস্তব ঘটনা থেকে অনুপ্রেরণা নিয়ে অপরাধজগতের কাহিনি তুলে ধরেন তিনি।
আরও খবর : জাফর পানাহির বিরুদ্ধে কড়া পদক্ষেপ, কারাদণ্ডের পাশাপাশি সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ ইরানে
অপরাধমূলক ছবির বাইরেও বিভিন্ন ধরনের গল্প নিয়ে কাজ করেছেন সঞ্জয়। তাঁর পরিচালিত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ঐশ্বর্য রাই বচ্চন অভিনীত ‘জজবা’, হৃতিক রোশন ও ইয়ামি গৌতমের ‘কাবিল’, ‘দস কহানিয়া’, ‘অ্যাসিড ফ্যাক্টরি’ এবং ‘মুম্বই সাগা’। ২০২৪ সালে মুক্তি পায় তাঁর প্রযোজিত ‘দ্য মিরান্ডা ব্রাদার্স’ এবং ‘বিস্ফোট’। ২০০১ সালে হোয়াইট ফেদার ফিল্মস নামে নিজের প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করেন তিনি। অ্যাকশন, অপরাধমূলক কাহিনি এবং শহুরে জীবনের প্রেক্ষাপটে তৈরি ছবির মাধ্যমে হিন্দি সিনেমায় নিজস্ব পরিচালনাশৈলী গড়ে তুলেছিলেন সঞ্জয়। তবে তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।







