ওয়েব ডেস্ক : লোকাল ট্রেনে শ্লীলতাহানির প্রতিবাদ করার চরম পরিণতি ভোগ করতে হল এক মহিলাকে। আপত্তিকর আচরণের প্রতিবাদ করায় তাঁকে রেললাইনে ঠেলে ফেলার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ট্রেনের চাকায় পিষ্ট হয়ে মহিলার বাঁ হাত কনুইয়ের নীচ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। মাথাতেও গুরুতর আঘাত পেয়েছেন তিনি। ঘটনাটি গত ৪ নভেম্বর মুম্বইয়ের (Mumbai) বোরিভলি থেকে বিরারগামী লোকালে নাইগাঁও স্টেশনে ঘটে। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগ, নাইগাঁও স্টেশনে ট্রেন পৌঁছনোর সময় ওই ব্যক্তি মহিলার বুকে হাত দেওয়ার চেষ্টা করেন। প্রতিবাদে মহিলা নিজের চটি দিয়ে তাঁকে আঘাত করেন। এরপর দু’জনের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে থাকার সময় আচমকাই ওই ব্যক্তি দু’হাত দিয়ে মহিলাকে ধাক্কা দেন। ভারসাম্য হারিয়ে তিনি দুই কামরার মাঝের অংশ দিয়ে রেললাইনে পড়ে যান। নিজেকে বাঁচাতে প্ল্যাটফর্মে ওঠার চেষ্টা করলেও ততক্ষণে ট্রেন চলতে শুরু করে। চাকায় পিষ্ট হয়ে তাঁর বাঁ হাতের কনুইয়ের নীচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। মাথার গুরুতর ক্ষতস্থানে ১৬টি সেলাই দিতে হয়েছে।
আরও খবর : ভিসা নীতিতে বড় বদল কেন্দ্রের! ১৩টি বিভাগ কমে ৯, পর্যটন থেকে চিকিৎসা—বিদেশিদের জন্য একগুচ্ছ সুবিধা
ঘটনার পর ভিড়ের সুযোগ নিয়ে অভিযুক্ত পালিয়ে যায় বলে অভিযোগ। ৬ নভেম্বর ভাইয়ান্দার রেলওয়ে থানায় মামলা দায়ের হয়। প্রথমে ভারতীয় ন্যায় সংহিতার ৭৪, ১১৭(২) এবং ৩৫২ ধারায় মামলা রুজু করা হয়েছিল। তবে মহিলার পরিবারের দাবি, ঘটনার ভয়াবহতা বিবেচনা করে খুনের চেষ্টার ধারাও যুক্ত করা প্রয়োজন। এই দাবিতে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার নেতারাও রেল পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে দেখা করেন। দলের নেতা সচিন পোপলের দাবি, প্রয়োজনীয় ধারা যুক্ত করার জন্য আদালতে আবেদন জানানো হবে বলে পুলিশ আশ্বাস দিয়েছে।
অন্যদিকে, এই ঘটনার পর কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে আক্রান্ত মহিলার ভবিষ্যৎ। পরিবারের দায়িত্ব সামলাতেন তিনিই। কিন্তু বাঁ হাত হারানোর পর স্বাভাবিক জীবনে ফেরা এবং পরিবারের পাশে দাঁড়ানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতা। এই ঘটনা মুম্বইয়ের লোকাল ট্রেনে মহিলা যাত্রীদের নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।







