ওয়েব ডেস্ক : চলতি মাসেই কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আগামী ২১ নভেম্বর তিনি শহরে আসতে পারেন বলে খবর। এই সফরে নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত অরেঞ্জ লাইনের সম্প্রসারিত মেট্রো রুটের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী। বর্তমানে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রয়েছে। বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত নতুন অংশ চালু হলে শহরের মেট্রো যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হবে আরও একটি গুরুত্বপূর্ণ সংযোগ। পাশাপাশি একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও ঘোষণাও করতে পারেন নরেন্দ্র মোদি।
দীর্ঘদিন ধরেই অরেঞ্জ লাইনের এই অংশের কাজ আটকে ছিল। বিশেষ করে চিংড়িঘাটায় জটিলতার কারণে নির্মাণকাজ এগোতে সমস্যা হচ্ছিল। তৃণমূল সরকারের আমলে প্রশাসনিক অনুমতি না মেলায় কাজ থমকে ছিল বলে অভিযোগ। রাজ্যে সরকার পরিবর্তনের পর দ্রুত গতিতে এগোয় কাজ। গত ১০ অক্টোবর মহালয়ার দিন থেকে বেলেঘাটা-সেক্টর ফাইভ অংশে শুরু হয়েছে পরীক্ষামূলক মেট্রো চলাচল। এখনও চলছে ট্রায়াল রান। এবার পরিষেবা চালুর চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। ২১ নভেম্বর প্রধানমন্ত্রী এই সম্প্রসারিত অংশের উদ্বোধন করতে পারেন বলে জানা যাচ্ছে।
নতুন অংশ চালু হলে নিউ গড়িয়া থেকে সরাসরি সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রোয় যাতায়াত করতে পারবেন যাত্রীরা। সেক্টর ফাইভে নেমে ব্লু লাইনে ওঠার সুবিধাও মিলবে। এই লাইনে শিয়ালদা হয়ে সরাসরি হাওড়া পর্যন্ত পৌঁছনো সম্ভব। ফলে তথ্যপ্রযুক্তি শিল্পতালুকের সঙ্গে শহরের বিভিন্ন প্রান্তের যোগাযোগ আরও সহজ হবে।







