কলকাতা: রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) তৃণমূল কংগ্রেসের (TMC) পরিষদীয় দলের প্রথম রাজনৈতিক কর্মসূচিকেই ঘিরে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বুধবার আম্বেদকর মূর্তির সামনে আয়োজিত ধর্না কর্মসূচিতে দলের একাধিক বিধায়কের অনুপস্থিতি ঘিরে উঠছে নানা প্রশ্ন। উত্তরবঙ্গের বিধায়কদের (MLAs) দূরত্বের কারণ দেখিয়ে বাদ দিলেও, উপস্থিত বিধায়কের সংখ্যা ছিল মাত্র ৩৭। আর তা নিয়েই দলের অন্দরে ঐক্যে ফাটলের জল্পনা ক্রমশ জোরালো হচ্ছে।
ধর্না মঞ্চে বিভিন্ন রাজনৈতিক স্লোগান শোনা গেলেও নজর কাড়ে একটি বিশেষ বিষয়। কর্মসূচিতে ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’ স্লোগান উঠলেও, একসময় যা তৃণমূলের সভা-সমাবেশে নিয়মিত শোনা যেত, সেই ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’ স্লোগান এদিন কার্যত অনুপস্থিত ছিল। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, এই পরিবর্তন দলের অন্দরের বর্তমান পরিস্থিতিরই ইঙ্গিত বহন করছে।
আরও পড়ুন: কিছুদিন আগেই তৃণমূলে ‘বিদ্রোহী’ হয়ে উঠেছিলেন, এবার সেই কাকলীকেই ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা দিল কেন্দ্র
প্রসঙ্গত, সম্প্রতি ফলতা বিধানসভা কেন্দ্রকে ঘিরে তৃণমূলের অন্দরে তৈরি হয়েছে বিতর্ক। ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানকে ঘিরে দলের মধ্যেই অসন্তোষ প্রকাশ্যে এসেছে। জাহাঙ্গির খানকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই রাজনৈতিক মহলে পরিচিত। তাঁর প্রার্থীপদ প্রত্যাহার সংক্রান্ত মন্তব্য ঘিরে ইতিমধ্যেই দলের একাংশ সরব হয়েছে। একাধিক বিধায়ক চাইছেন, দলের তরফে জাহাঙ্গির খানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। এই আবহে পরিষদীয় দলের গুরুত্বপূর্ণ কর্মসূচিতে বহু বিধায়কের অনুপস্থিতি ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা। দলের অন্দরে মতপার্থক্য ও গোষ্ঠীদ্বন্দ্ব আরও প্রকট হচ্ছে কি না, তা নিয়েই এখন চর্চা রাজনৈতিক মহলে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূল নেতৃত্বের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
দেখুন আরও খবর:







