Homeলাইফস্টাইলঐতিহ্যে আধুনিকতার ছোঁয়া, বাঁশবেড়িয়ার কার্তিক উৎসবে সাড়া ফেলল ‘কার্তিক ক্রাউন’
Kartik Crown

ঐতিহ্যে আধুনিকতার ছোঁয়া, বাঁশবেড়িয়ার কার্তিক উৎসবে সাড়া ফেলল ‘কার্তিক ক্রাউন’

বাঁশবেড়িয়ার কার্তিক উৎসব: ঐতিহ্যের শিকড়ে, নতুন পরিচিতির সন্ধানে

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মতোই হুগলি জেলার উৎসবের মানচিত্রে বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর এক স্বতন্ত্র ও গৌরবময় স্থান রয়েছে। প্রাচীন সপ্তগ্রামের বাণিজ্যিক ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই পুজোর সূচনাপর্ব। সময়ের সরণি বেয়ে আজও রাজা কার্তিক, জামাই কার্তিক, ধুমো কার্তিক কিংবা আদি কার্তিক— বিচিত্র সব রূপ ও নামে পূজিত হন দেবসেনাপতি। কার্তিক সংক্রান্তির পুণ্যতিথিতে কার্তিকের পাশাপাশি অন্যান্য দেবদেবীর আরাধনাও এখানকার উৎসবের অন্যতম বৈশিষ্ট্য। তবে কালের নিয়মে সাবেকিয়ানার আঙিনায় এখন লেগেছে আধুনিকতার ছোঁয়া। সাবেক পুজোর পাশাপাশি মণ্ডপশিল্প, থিমের ভাবনা এবং চন্দননগরের আদলে আলোকসজ্জার অভিনবত্বে বাঁশবেড়িয়ার কার্তিক পুজো এখন রাজ্যবাসীর অন্যতম আকর্ষণ।
বাঁশবেড়িয়ার এই শতাব্দীপ্রাচীন উৎসবের ঐতিহ্যকে আরও বৃহত্তর পরিসরে তুলে ধরতে ২০১০ সাল থেকে নিরলসভাবে কাজ করে চলেছে সংস্থা ‘ইন্ডিয়ান ফেস্টিভ্যাল’। পুজো উদ্যোক্তাদের সৃজনশীলতা ও শিল্পভাবনাকে উৎসাহিত করতে ২০২৫ সালে নতুন আঙ্গিকে শুরু হয়েছিল ‘কার্তিক ক্রাউন’ সম্মাননা। এ বছর সেই সম্মাননার দ্বিতীয় বর্ষ। দ্বিতীয় বর্ষেই এই প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় ক্লাব ও পুজো কমিটিগুলির মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। সাহাগঞ্জ, বাঁশবেড়িয়া এবং সংলগ্ন অঞ্চলের মোট ২৯টি প্রথম সারির পুজো কমিটি এ বছরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল।
মণ্ডপসজ্জা, প্রতিমা নির্মাণ, আলোকসজ্জা এবং সামগ্রিক পরিবেশনার নিরিখে এ বছর বিভিন্ন বিভাগে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে আটটি পুজো কমিটি। পুরস্কৃতদের তালিকায় রয়েছে জামাইগলি অ্যাসোসিয়েশন, জ্যোৎস্না স্মৃতি সমিতি, বেলতলা রেনেসাঁ, কুন্ডুগলি নটরাজ পুজো কমিটি, সাহাগঞ্জ ঝাঁংড়া সেবক সংঘ, অভিযান ক্লাব, ঝাপপুকুর রাধাকৃষ্ণ পুজো কমিটি এবং আগন্তুক ক্লাব। এর পাশাপাশি, কলকাতার ‘স্পন্দন শারদ সম্মান’-এর পক্ষ থেকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়েছে সরকারি পল্লি মিতালি সংঘ, কুন্ডুগলি নটরাজ, আনন্দময়ী সংঘ এবং চুঁচুড়ার ধর্মপুর মুখার্জি গলি কার্তিক পুজো কমিটিকে।
সেরা পুজোগুলিকে বেছে নেওয়ার দায়িত্বে ছিল এক অভিজ্ঞ ও বিশিষ্ট বিচারকমণ্ডলী। বিচারকদের আসনে ছিলেন বিশিষ্ট শিল্পী অভিজিৎ ঘটক, প্রখ্যাত ইতিহাসবিদ গৌতম বসুমল্লিক, অভিজ্ঞ দুর্গাপুজো সংগঠক সোমনাথ দাস এবং ‘ইন্ডিয়ান ফেস্টিভ্যাল’-এর সহ-প্রতিষ্ঠাতা মৌমিতা দত্ত। ঐতিহ্যের সঙ্গে আধুনিক শিল্পকলার মেলবন্ধন কতটা সার্থক হয়েছে, তা সূক্ষ্মভাবে যাচাই করেই সেরাদের নির্বাচন করেন তাঁরা।
এই সুবিশাল কর্মযজ্ঞ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের নেপথ্যে ছিল একদল তরুণ-তরুণীর অক্লান্ত পরিশ্রম। ‘ইন্ডিয়ান ফেস্টিভ্যাল’-এর সদস্য কৌশিক, রাজু, তন্ময়, শ্রেয়া, অঙ্কিতা, রাহুল, অরিন্দম ও রাজশ্রীর সম্মিলিত প্রচেষ্টা ও সুষ্ঠু পরিকল্পনাতেই অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে এ বছরের ‘কার্তিক ক্রাউন’। উদ্যোক্তাদের মতে, বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর ইতিহাস ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং শিল্পীদের সম্মান জানানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। আগামী দিনে এই সম্মাননা আরও বড় আকার নেবে বলেই আশাবাদী হুগলির সংস্কৃতিপ্রেমী মানুষ।

[youtube-feed feed=1]
Read More

Latest News